ত্রিপোলি বিমানবন্দরে দুই পক্ষের বন্দুকযুদ্ধ
লিবিয়ার ত্রিপোলি বিমানবন্দরে গত শনিবার রাতে জাতীয় সেনাবাহিনীর গাড়িতে করে আসা অস্ত্রধারীদের সঙ্গে বিমানবন্দর নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী দলের বন্দুকযুদ্ধ হয়েছে। অস্ত্রধারীরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর কমান্ডার।লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার অন্তর্বর্তী নতুন সরকার এখনো দেশের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি। বিদ্রোহী যোদ্ধাদের হাতে এখনো অস্ত্র রয়ে গেছে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে রাজধানীতে অবস্থান করছে। বিভিন্ন পক্ষের মধ্যে ঘটছে সংঘর্ষের ঘটনা।ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সাবেক বিদ্রোহী দল জিনতান ব্রিগেড।ওই ব্রিগেডের কমান্ডার মুখতার আল-আখদার জানান, রাতে তিনটি গাড়িতে করে বিমানবন্দরের কাছে তল্লাশি চৌকিতে কিছু অস্ত্রধারী লোক আসে। তারা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে এসেছে বলে জানায়। এরপর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়।আল-আখদার বলেন, ‘বন্দুকযুদ্ধে কেউ নিহত হননি। তবে আমাদের পক্ষে দুজন আহত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘অস্ত্রধারীরা ন্যাশনাল আর্মির গাড়ি নিয়ে আসে। এ ব্যাপারে আমরা সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হাফতার কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।’ রয়টার্স।