ত্রিপোলিতে ন্যাটোর ব্যাপক বিমান হামলা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গতকাল মঙ্গলবার বড় ধরনের অভিযান চালিয়েছে সামরিক জোট ন্যাটো। ন্যাটোর বিমান হামলার সময় ১২ থেকে ২০টি ভয়াবহ বিস্ফোরণে ত্রিপোলি কেঁপে ওঠে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসভবন চত্বর বাব আল আজিজিয়ার কাছেও হামলা হয়েছে। হামলায় অন্তত তিনজন নিহত ও ১৬০ জন আহত হয়।ন্যাটো গত ৩১ মার্চ লিবিয়া অভিযানের দায়িত্ব নেয়। এরপর লিবিয়ায় এটাই ন্যাটোর সবচেয়ে বড় অভিযান বলে মনে করা হচ্ছে। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য লিবিয়ায় ন্যাটোর অভিযানের গতি বাড়াতে সামরিক হেলিকপ্টার দেওয়ার কথা ঘোষণা করেছে।ত্রিপোলিতে অবস্থানরত বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু নর্থ জানান, গতকাল প্রথমে গাদ্দাফির বাসভবন চত্বরের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর ত্রিপোলির বিভিন্ন স্থানে একই ধরনের বিস্ফোরণ হতে থাকে। সব মিলিয়ে ১২ থেকে ২০টির মতো বিস্ফোরণ ঘটে। তিনি জানান, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে তাঁদের হোটেল ভবনও কেঁপে ওঠে। বিস্ফোরণের পর ন্যাটোর যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনা যায়।নর্থ জানান, এ সময় বাব আল আজিজিয়া চত্বর থেকে ধোঁয়া উড়তে দেখা যায় এবং বিমান বিধ্বংসী গোলার আওয়াজ পাওয়া যায়। পরে সরকারের পক্ষ থেকে হতাহতদের দেখাতে বিদেশি সাংবাদিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের হামলাস্থল দেখাতে নিয়ে যাওয়া হয়নি। ওই হামলার পর গাদ্দাফির সমর্থনে জনগণকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। এএফপি, বিবিসি।