মিলিশিয়াদের সঙ্গে ক্ষুব্ধ সাধারণ মানুষের গত শুক্রবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শনিবার ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়।
মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে বিদ্রোহে অংশ নেওয়া মিলিশিয়া বাহিনীগুলোর বাড়াবাড়ির বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ত্রিপোলির এ সংঘর্ষের ঘটনা।
মিলিশিয়া বাহিনীগুলোকে বিলুপ্ত করার দাবিতে গত শুক্রবার ত্রিপোলিতে বিক্ষোভ শুরু করে জনতা। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের ইমামের আহ্বানে মিলিশিয়াবিরোধী বিক্ষোভে নামে স্থানীয় লোকজন। একপর্যায়ে মিলিশিয়াদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ও বন্দুকধারীদের গুলিতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
২০১১ সালে গণবিক্ষোভের মুখে লিবিয়ার দীর্ঘদিনের নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে সশস্ত্র মিলিশিয়াদের তৎপরতা বাড়তে থাকে। এই মিলিশিয়া গোষ্ঠীগুলো গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করেছিল। গাদ্দাফির পতনের পর নিজেদের ক্ষমতা ও প্রভাব বাড়াতে কোনো কোনো অঞ্চলে কেন্দ্রীয় সরকারকে তোয়াক্কা না করে নিজেদের মতো করে আইন চালু করেছে মিলিশিয়া গোষ্ঠীগুলো, যা অনেক ক্ষেত্রেই ক্ষুব্ধ করেছে স্থানীয়দের। মূলত সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ত্রিপোলিতে। বিক্ষোভকারীরা ‘অবৈধ’ মিলিশিয়া বাহিনীগুলো ভেঙে দেওয়া এবং মিলিশিয়া সদস্যদের রাজধানী থেকে বের করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। কয়েক মাসের মধ্যে শুক্রবারের বিক্ষোভকেই মিলিশিয়াবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে।
ওই সংঘর্ষ ও হতাহতের পর গত শনিবার ত্রিপোলিতে সংবাদ সম্মেলন করেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জেইদান। তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক।’ প্রধানমন্ত্রী জেইদান গত শুক্রবার বলেন, সরকার মিলিশিয়া বাহিনীগুলোকে রাজধানী থেকে বের করে দেওয়ার জন্য একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নিজেই গত মাসে একটি মিলিশিয়া বাহিনীর হাতে অপহূত হয়েছিলেন। কয়েক ঘণ্টা পর তাঁকে মুক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের নিন্দা: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ত্রিপোলিতে সংঘর্ষ ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আল-জাজিরা ও এএফপি।