ত্রিপোলির একটি হাসপাতালে ৮০টি লাশের সন্ধান
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের কয়েক দিনের তুমুল লড়াইয়ের পর গতকাল শুক্রবার রাজধানী ত্রিপোলির একটি পরিত্যক্ত হাসপাতালে প্রায় ৮০টি গলিত লাশের সন্ধান মিলেছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ কথা জানিয়েছেন।পরিত্যক্ত ওই হাসপাতালে ১৭ জন রোগীকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। গত সপ্তাহে আবু সালিম নামক জায়গায় গাদ্দাফি বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ লড়াই হয়। আবু সালিমের কাছেই ওই পরিত্যক্ত চারতলা হাসপাতালটি অবস্থিত। ধারণা করা হচ্ছে, ওই রোগীরা সেখানে আটকা পড়েছে। তবে ওই ব্যক্তিদের কবে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।গলিত লাশগুলোর মধ্যে হাসপাতালের একটি কক্ষে পাওয়া গেছে ২১টি। গাড়ি রাখার স্থানে পাওয়া গেছে আরও ২০টি লাশ। এদের অধিকাংশের গায়ের রং লিবিয়ার মানুষের চেয়েও কালো। মৃতদেহগুলোকে কম্বলে জড়িয়ে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাদ্দাফি লড়াইয়ের জন্য আফ্রিকার সাব-সাহারান অঞ্চল থেকে এদের ভাড়া করে এনেছিলেন।গতকাল সকালে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) একটি দল ওই ১৭ রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নিয়েছে। এএফপি।