ত্রিমুখী আলোচনা হয়েছে তালেবানও শান্তি চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ‘আফগানিস্তানের মানুষ শান্তি চায়। এমনকি তালেবানও। তারা তো আমাদের মতোই মানুষ। তাদের পরিবার আছে, স্বজন আছে। ছেলেমেয়ে আছে। তারা এখন কঠিন সময় পার করছে।’যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল-এ দেওয়া এক সাক্ষাৎকারে কারজাই এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে কারজাই বলেন, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের ত্রিমুখী আলোচনা হয়েছে। তবে আলোচনার স্থান বা এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান কারজাই। তিনি বলেন, এসব প্রকাশ করলে শান্তি-প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বিশ্বাস করেন, শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তালেবান সদস্যরা নিশ্চিতভাবে আগ্রহী। কারজাইয়ের এ কথায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনার আভাস পাওয়া যায়। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিজেদের বাহিনীর হাতে হস্তান্তর করার কথা।গত মাসে এক বিবৃতিতে তালেবানেরা বলেছে, শান্তি-প্রক্রিয়ায় রাজনৈতিক চেষ্টায় গতি বাড়াবে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের এক বক্তব্যের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। ক্লিনটন বলেছিলেন, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মীর ওয়াইজ ইয়াসিনি নামের একজন আফগান পার্লামেন্ট সদস্য আল-জাজিরাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও তালেবান সব পক্ষকেই সমঝোতায় পৌঁছাতে হবে যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আত্মঘাতী বোমা হামলা, আকাশপথে বোমা হামলা আর নয়। এই সহিংসতা কোনো সমাধান নয়।’ ইয়াসিনি বলেন, সহিংসতা কেবল ব্যাপক অবনতি ডেকে আনে। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইয়াসিনি ক্ষমতা ভাগাভাগি বা তালেবান সদস্যদের আশ্রয় দেওয়ার বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।আল-জাাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আবদুল্লাহ ওয়েকাস নামের একজন তালেবান নেতা দাবি করেন, ‘আমাদের সামরিক প্রতিরোধ যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে যেতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র আগে আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি ছিল না। এখন তারা কথা বলতে চায়।’আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের এই তালেবান নেতা বলেন, ‘বিদেশিরা এখানে এসে ব্যাপকভাবে হতাহত হয়েছে। এ ঘটনা তাদের আলোচনায় আসতে বাধ্য করেছে। সারা বিশ্বের সামনে এখন তারা লজ্জিত। এটাই আমাদের সাফল্য।’ধারণা করা হয়, ২০১০ সাল থেকে জার্মানি ও কাতারে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র পর পর কয়েক দফা গোপন বৈঠক করে। গত ডিসেম্বরে কারজাইয়ের আপত্তির পরিপ্রেক্ষিতে এই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। কাবুল থেকে আল-জাজিরার একজন সাংবাদিক বলেন, অনেক তালেবান যোদ্ধা এমন কিছু শর্ত তুলেছেন, যা শান্তি-প্রক্রিয়া জটিল করে তুলতে পারে। আল-জাজিরা।