ত্রিয়েবেলারকে টিপস দিলেন মিশেল ওবামা
ফ্রান্সের নতুন ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়েবেলারকে তাঁর নতুন ভূমিকার বিষয়ে কিছু ‘মহামূল্যবান’ টিপস (পরামর্শ) দিয়েছেন মিশেল ওবামা। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ত্রিয়েবেলার গত সোমবার এ কথা জানান। ত্রিয়েবেলার সোমবার যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি ফরাসি স্কুল পরিদর্শন করেন। এই শিকাগোতেই ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা সম্মেলনে মিলিত হন। স্কুল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ন্যাটো সম্মেলনে দেশগুলোর নেতাদের স্ত্রীদের সঙ্গে তাঁকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। প্রথম সাক্ষাতেই তিনি মিশেলের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।ত্রিয়েবেলার বলেন, ‘এ জীবনে যে কয়জন মানুষ আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন, প্রকৃতপক্ষেই তাঁদের মধ্যে একজন তিনি (মিশেল)।’হোয়াইট হাউসে তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ায় মিশেলকে ধন্যবাদ জানিয়ে ত্রিয়েবেলার বলেন, একজন ফার্স্ট লেডির দায়িত্ব-কর্তব্যের বিষয়ে তিনি যেসব পরামর্শ দিয়েছেন, তা মহামূল্যবান। তবে মিশেল তাঁকে ঠিক কী কী পরামর্শ দিয়েছেন, তা প্রকাশ করেননি বিয়ে না করেও ফ্রান্সের ফার্স্ট লেডির সম্মান পাওয়া ত্রিয়েবেলার। বিয়ে না করলেও ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ২০০৭ সাল থেকেই একত্রে বসবাস করে আসছেন তিনি। এর আগে তাঁর দুবার বিয়ে হয়ে দুবারই বিচ্ছেদ হয়েছে।ত্রিয়েবেলার আবারও নিশ্চিত করেছেন এখন যে পেশায় আছেন, তা ছাড়ার কোনো ইচ্ছা তাঁর নেই। ৪৭ বছর বয়স্ক সাংবাদিক ও তিন সন্তানের জননী ত্রিয়েবেলার তাঁর সাংবাদিকতার ক্যারিয়ার অব্যাহত রেখেই ফার্স্ট লেডির ভূমিকা পালন করে যাওয়ার চিন্তা করছেন। এএফপি।