থাই নির্বাচনে ইংলাকের পাল্লা ভারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে আগামীকাল রোববার অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বিরোধী পুয়ে থাই পার্টির (পিটিপি) প্রার্থী ইংলাক সিনাওয়াত্রার জয়ের পাল্লা ভারী। বিজয়ী হলে তিনি হতে পারেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বিভিন্ন জনমত জরিপ এ আভাসই দিচ্ছে। ইংলাক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন।এ পর্যন্ত চালানো সব কটি জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনে জয়ের পথে বিরোধী পিটিপি এগিয়ে রয়েছে। জরিপ অনুযায়ী দলটি এবার নিরঙ্কুশ জয় লাভ করতে পারে। বিশ্লেষকেরাও বলেছেন, রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও থাকসিনের জনপ্রিয়তা কাজে লাগিয়ে তাঁরই ‘ক্লোন’ বলে পরিচিত ইংলাক বিজয়ের হাসি হাসবেন। ভোটারদের আকৃষ্ট করতে পুয়ে থাই পার্টির ইতিবাচক দিকগুলোই জনগণের সামনে তুলে ধরছেন ইংলাক। দেশটিতে কয়েক বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতা দূর করতে তাঁদের দলের আবারও ক্ষমতায় আসার প্রয়োজনীয়তার কথাও জোরেশোরে বলে আসছেন। ২০০৬ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে পুয়ে থাই পার্টির এই নেতা স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত থাকসিন বর্তমানে বসবাস করছেন দুবাইয়ে। সেখান থেকেই তিনি এবার তাঁর ছোট বোনকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেন। এ সিদ্ধান্তের বিষয়ে থাকসিন বলেন, ইংলাক তাঁরই ‘ক্লোন’ বিশেষ। ক্ষমতায় থাকার সময় গরিবদের জন্য বিভিন্ন কল্যাণকর উদ্যোগ নেওয়ার সুবাদে থাকসিন এখনো নিজ দেশের নিম্ন আয়ের মানুষদের কাছে জনপ্রিয়। এখনো তাঁকে অগণিত মানুষ ভালোবাসে। এ শক্তিকে কাজে খাটাতে চান ইংলাক। গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি বলেন, ‘থাকসিনকে আপনারা কতটা ভালোবাসেন, তা আমার জানা নেই। কিন্তু তাঁর প্রতি এই ভালোবাসার খানিকটা তাঁরই ছোট বোন হিসেবে আমাকে দেবেন কি?’ এক ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে ইংলাক বলেন, ‘আমি তাঁর (থাকসিন) কাছ থেকে ব্যবসায়িক বিষয়ে অনেক কিছু শিখেছি। তাঁর অন্তর্দৃষ্টি আমার জানা আছে। কীভাবে তিনি সমস্যার সমাধান করেন এবং সব কিছু গোড়া থেকে গড়ে তোলেন, তাও আমার অজানা নয়।’ইংলাক ১৯৬৭ সালের ২১ জুন চিয়াং মাই প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি চিয়াং মাই বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি নেন। এএফপি ও পিটিআই অনলাইন।