থাই বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ১

থাইল্যান্ডে গত শুক্রবার রাতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার নির্বাচনের প্রার্থীদের নিবন্ধন কেন্দ্রে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ৪০ ঘণ্টার মাথায় আবার এই সহিংসতার ঘটনা ঘটল।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন সরকারবিরোধীরা। কিন্তু পদত্যাগ না করে আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধীরা সেই নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছেন।
রাজধানী ব্যাংককের কয়েকটি স্থানে অবস্থান নিয়ে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন সরকারবিরোধীরা। এ রকম একটি স্থান প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরের বাইরে। সেখানে তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন কয়েক শ বিক্ষোভকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা সবাই ঘুমাচ্ছিলেন। এর মধ্যেই গুলি শুরু হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, সম্ভবত বিক্ষোভকারীদের অবস্থানের পাশ দিয়ে যাওয়া কোনো গাড়ি থেকে গুলি করা হয়েছে।
এরওয়ান ইমার্জেন্সি সেন্টারের পরিচালক পেতফং কামজংকিতকার্ন জানান, গুলিতে এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও চারজন।
ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সেনাবাহিনীর সহায়তা চাইলেও তাতে সাড়া দেননি সেনাপ্রধান। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিবদমান দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে সমাধান না হলে সেই পরিস্থিতিতে সেনাবাহিনী হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দেননি।
থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চ্যান-ওছা বলেছেন, সে দরজা খোলাও নয়, আবার বন্ধও নয়। রয়টার্স।