থাই বিরোধীদের নির্বাচন বাতিলের আবেদন খারিজ
থাইল্যান্ডে বিতর্কিত নির্বাচন বাতিলের দাবিতে করা বিরোধী দলের রিট আবেদন গতকাল বুধবার খারিজ করে দিয়েছেন সাংবিধানিক আদালত।
এক বিবৃতিতে আদালত বলেন, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন পুয়ে থাই পার্টি বিলুপ্তির দাবিতে বিরোধী ডেমোক্র্যাট পার্টির করা আবেদন বিবেচনায় নেওয়া সম্ভব নয়। কারণ, এই আবেদনের যথার্থ ভিত্তি নেই।
রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের স্বার্থে ইংলাকের পদত্যাগের দাবিতে তিন মাস ধরে রাজপথে বিক্ষোভ করছেন সরকারবিরোধীরা। প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি নির্বাচন বর্জন করেছিল। বিরোধীরা বলছেন, ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ইংলাকের বড় ভাই থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে চলা রাজনৈতিক সংকট দূর হবে না। থাকসিনের নির্দেশে সরকার চালান ইংলাক। সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারেরও অভিযোগ করছেন বিরোধীরা। এএফপি।