থাই রাজপথের 'খেলোয়াড়' যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী আন্দোলন
থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী আন্দোলন

থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী আন্দোলনে চারটি পক্ষ দেখা যাচ্ছে। এ পক্ষগুলো হচ্ছে: প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি, থাই রাজার সমর্থক বলে পরিচিত দল দ্য পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (পিএডি)—যারা ‘ইয়োলো শার্ট’ বলেই বেশি পরিচিত, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাবিরোধী ছোট ছোট গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত জোট এবং বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থক ‘রেড শার্ট’।
সরকারবিরোধী আন্দোলনের সূচনা একটি বিতর্কিত বিল পাসের প্রক্রিয়াকে কেন্দ্র করে। বিরোধীদের দাবি, ওই বিল পাস হলে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাসহ দুর্নীতির সঙ্গে জড়িত অনেকেই মুক্তি পাবেন। অবশ্য ইতিমধ্যে ওই বিল পাস করার প্রক্রিয়া থেকে সরে এসেছে সরকার।
সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি, যার নেতা সুথেপ থগসুবান। ডেমোক্র্যাট পার্টি ক্ষমতায় থাকাকালে তিনি উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিভা ডেমোক্র্যাট পার্টির প্রধান হলেও আন্দোলনের মূল মঞ্চে তিনি নেই। ব্যাংককের এলিট শ্রেণী এ দলটির মূল শক্তি।
২০০৬ সালে সেনা অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত্রার পতনের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন মূলত রাজার সমর্থক বলে পরিচিত পিএডির ‘হলুদ শার্ট’ আন্দোলনকারীরা। ২০০৮ সালেও সরকার পতনের আন্দোলনে মূল ভূমিকা পালন করে এ দলটি। পিএডির নেতা গণমাধ্যম ব্যবসায়ী সোন্ধি লিমথঙ্কুল। তবে এবার এখন পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেননি তিনি।
ছোট ছোট কিছু গোষ্ঠীর সমন্বয়ে এবার নতুন করে থাকসিন সিনাওয়াত্রাবিরোধী জোট গড়ে উঠেছে। এ জোট সরকারবিরোধীদের সঙ্গেই সম্পৃক্ত। এমন একটি গোষ্ঠী হলো ‘ভোকেশনাল হেল্প দ্য নেশন’।
‘রেড শার্ট’ মূলত প্রত্যন্ত অঞ্চলের ‘বঞ্চিত’ মানুষ এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের শহরের নাগরিকদের নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী। বর্তমান সরকারের সমর্থনে সম্প্রতি রাজপথে নেমেছে ‘রেড শার্ট’ আন্দোলনকারীরা। এএফপি।