থাই রাজপরিবারের সমালোচনা কাঠগড়ায় সম্পাদক
থাই রাজপরিবারের বিরুদ্ধে একটি ওয়েবসাইটে প্রকাশিত মন্তব্যের জন্য ওই ওয়েবসাইটের সম্পাদককে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ওই মন্তব্যের জন্য আজ সোমবার ব্যাংককে এ উদ্দেশ্যে আদালত বসবে। তবে ওই সম্পাদক নিজেকে নির্দোষ দাবি করে বেকসুর খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছেন।থাইল্যান্ডের সংবাদভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট প্রাচাতাইয়ের সম্পাদক চিরানুচ প্রেমচাইপর্ন দেশটির কঠোর রাজতান্ত্রিক আইন ও কম্পিউটার অপরাধবিষয়ক বিধিমালার আওতায় দোষী সাব্যস্ত হলে তাঁকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। ২০০৮ সালে ওয়েবসাইটটিতে দেশটির রাজতন্ত্রের বিরুদ্ধে বিভিন্নজনের করা ১০টির মতো মন্তব্য সরিয়ে না নেওয়ার অভিযোগ রয়েছে চিরানুচের বিরুদ্ধে।তবে ওই নারী সম্পাদক নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘আমি মনে করি, আমি ঠিক কাজটিই করেছি। আইনের মাধ্যমে লড়াই করেই আমার যথার্থতা আমি প্রমাণ করব।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, এভাবে বিচারের মধ্য দিয়ে এ বিষয়ে কোনো সমাধানে পৌঁছা যাবে না। বরং থাইল্যান্ডের ইতিহাসে এই বিচার একটি ক্ষতচিহ্ন হয়ে থাকবে।রাজনৈতিকভাবে উত্তাল থাইল্যান্ডে রাজপরিবারের প্রশ্নটি একটি স্পর্শকাতর বিষয়। দেশটির রাজা ভূমিবল এখনো দেশটির অনেক নাগরিকের কাছেই দেবতুল্য। ২০০৬ সালে রাজ অনুগত সেনা কর্মকর্তাদের অভ্যুত্থানের পর দেশটিতে রাজা, রানি বা তাঁদের উত্তরসূরিদের সমালোচনা নিষিদ্ধ করে আইন পাস করা হয়। এ আইনের আওতায় রাজতন্ত্রের সমালোচনা করা দণ্ডনীয় অপরাধ। এর আগে রাজতন্ত্রের বিরুদ্ধে একটি ‘টেক্সট ম্যাসেজ’ পাঠানোর অপরাধে গত বছরের নভেম্বরে ৬১ বছর বয়সী এক থাই নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এএফপি।