থাই সেনাপ্রধানের সঙ্গে বিরোধী নেতার বৈঠক

থাইল্যান্ডের বিরোধীদলীয় নেতা আপিসিত ভেজ্জাজিওয়া গতকাল সোমবার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল থানাসক পাতিমাপ্রাকর্নের সঙ্গে বৈঠক করেছেন। চলতি সংকটের শান্তিপূর্ণ সমাধানে তিনি দুই সপ্তাহ সময় নিয়েছেন। আগামী মাসে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গ্রুপগুলো পাল্টাপাল্টি শোডাউনের ঘোষণা দেওয়ার মধ্যে এ বৈঠক হলো।
থাইল্যান্ডে অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছে সেনাবাহিনী। তবে এবারের সংকটে তারা নাক গলাবে না বলে বারবার ঘোষণা দিয়েছে।
সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার জেনারেল থানাসকের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক শেষে সাবেক প্রধানমন্ত্রী আপিসিত বলেন, ‘আমি যা চাই, তা তিনি সমর্থন করেছেন। সেটা হচ্ছে, আমাদের দেশের স্বার্থে একটা উপায় খুঁজে বের করতে সব পক্ষকে এক কাতারে আনা। কমান্ডার জোর দিয়ে বলেছেন, রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে।
থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের বিরুদ্ধে দেশটিতে কয়েক মাস ধরে আন্দোলন চলছে। আন্দোলনাকারীরা ইংলাককে ক্ষমতাচ্যুত এবং থাইল্যান্ডকে তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রভাবমুক্ত করতে চায়।
বিক্ষোভকারীরা অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলের’ হাতে ক্ষমতা তুলে দিতে ইংলাকের কাছে দাবি জানাচ্ছে। তবে ইংলাক শুরু থেকেই পদত্যাগের দাবি নাকচ করে আসছেন।
অবশ্য, বিক্ষোভকারীদের শেষ ভরসা এখন আদালত। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা একটি মামলার বিচার চলছে সাংবিধানিক আদালতে। এতে দোষী সাব্যস্ত হলে কয়েক সপ্তাহের মধ্যেই তাঁকে পদত্যাগ করতে হবে। ইংলাক আগামী শুক্রবার পর্যন্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন। রয়টার্স।