থাইল্যান্ডে অনাস্থা ভোটে উতরে গেলেন ইংলাক
থাইল্যান্ডের পার্লামেন্টে অনাস্থা ভোটে সহজেই উতরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে ব্যর্থ হওয়ার অভিযোগে পার্লামেন্টে এই অনাস্থা ভোট হয়।গতকাল বুধবার পার্লামেন্টে ভোটাভুটি হয়। ৪৬৭ ভোটের মধ্যে ইংলাকের পক্ষে পড়ে ৩০৮ ভোট। পার্লামেন্টের নিম্নকক্ষে ইংলাকের ক্ষমতাসীন ছয়দলীয় জোটের তিন-পঞ্চমাংশ আসন রয়েছে। অবশ্য ইংলাক জোটের বাইরেও ভোট পেয়েছেন। গত বছর পুয়ে থাই পার্টি থেকে নির্বাচনে জয়ী হওয়ার পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন সাবেক নারী ব্যবসায়ী ইংলাক সিনাওয়াত্রা। দলটির সঙ্গে ইংলাকের ভাই থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আইনপ্রণেতাদের তিন দিনের বিতর্ক শেষে বুধবার অনাস্থা ভোট হয়। ভোটাভুটির পর পার্লামেন্টের স্পিকার বলেন, ‘পার্লামেন্ট ইংলাককে তাঁর দায়িত্ব চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে।’থাইল্যান্ডের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির অভিযোগ, প্রধানমন্ত্রী ইংলাক দুর্নীতি লালন করছেন এবং তিনি ভাইয়ের হাতের পুতুলে পরিণত হয়েছেন। এএফপি।