থাইল্যান্ডে ইংলাক সরকারের প্রভাবশালী মন্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মন্ত্রী চাতুরন চাইসায়েং
সাবেক মন্ত্রী চাতুরন চাইসায়েং

থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের প্রভাবশালী একজন মন্ত্রীকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে সেনাবাহিনী৷ গত সপ্তাহে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলের পর তীব্র সমালোচনা করেছিলেন ওই মন্ত্রী৷ খবর বিবিসি ও রয়টার্সের৷
ইংলাক সিনাওয়াত্রাকেও কয়েক দিন আগে আটক করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল৷ তবে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ৷
সেনা অভ্যুত্থানের পর পাঁচ দিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন শিক্ষামন্ত্রী চাতুরন চাইসায়েং৷ গতকাল রাজধানী ব্যাংককে কূটনৈতিক সংবাদদাতাদের ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে হাজির হন৷ এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে থেকেই তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়৷
গ্রেপ্তারের আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই মন্ত্রী বলেছিলেন, ‘যখন সময় আসবে, তখন আমি গ্রেপ্তার হতে প্রস্তুত৷ এখন সে সময় এসেছে৷ কেননা, অভ্যুত্থানের পরিকল্পনাকারীরা রাজকীয় সমর্থন আদায় করেছেন৷ থাইল্যান্ডের আইনি ব্যবস্থা অনুসারে এই অভ্যুত্থান সিদ্ধ৷’
চাতুরন আরও বলেন, ‘আমি এখনো মনে করি, এ অভ্যুত্থান দেশের জন্য খারাপ ফল ডেকে আনবে৷ এটি গণতন্ত্রের বিলোপকারী৷’
অভ্যুত্থানের পর দেশের ১০০-এর বেশি গুরুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা, শিক্ষাবিদ ও মানবাধিকার-কর্মীকে প্রয়োজনীয় তথ্য জানাতে তাঁদের প্রতি সমন জারি করে সেনাবাহিনী৷ গ্রেপ্তার হওয়া মন্ত্রী চাতুরন এই ব্যক্তিদের একজন৷
সরকার পরিচালনায় গত সোমবার রাজা ভূমিবলের অনুমোদন নেওয়ার পর গতকাল সেনাবাহিনীর কর্মকর্তারা ব্যাংককে সরকারি দপ্তরগুলোতে আনুষ্ঠানিকভাবে কাজকর্ম শুরু করে দেন৷