থাইল্যান্ডে ইংলাকের কার্যালয় অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা আবার গতকাল সোমবার বেশ কয়েকটি সরকারি কার্যালয় অবরোধ করেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার অস্থায়ী সদর দপ্তর হিসেবে ব্যবহূত একটি ভবনও রয়েছে। এ ঘটনায় বিক্ষোভকারীদের অনমনীয় মনোভাবই ফুটে উঠেছে। অবশ্য সরকার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছে।
রাজধানী ব্যাংককের উপকণ্ঠে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবনকে প্রধানমন্ত্রী ইংলাক কয়েক সপ্তাহ ধরে বৈঠকের জন্য ব্যবহার করে আসছিলেন। বিক্ষুব্ধ ধানচাষিরা গতকাল ভবনটির চারপাশে অবস্থান নেন। শত শত কৃষক ভবনটির নিরাপত্তাবলয়ের ভেতরে ঢুকে পড়েন। তবে ঘটনার সময় ইংলাক ভবনটির ভেতরে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিতর্কিত একটি রাষ্ট্রীয় ভর্তুকি প্রকল্পের আওতায় ফসলের জন্য প্রতিশ্রুতি মোতাবেক অর্থ না দেওয়ায় এই কৃষকেরা বিক্ষুব্ধ হন। তাঁরা ঘোষণা দিয়েছেন, ইংলাকের সঙ্গে কথা না-বলা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করবেন। অবশ্য তাঁরা ভবনটির ভেতরে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন।
কৃষকদের নেতা রাউয়ি রাংগ্রোয়েং বলেন, ‘আমরা এখানেই রাত কাটাব। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না-বলা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তবে আমরা ভবনের ভেতরে যাব না।’
একই দিন হাজার হাজার বিক্ষোভকারী থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসের কাছে বিক্ষোভ করেন। এর মধ্যে ছিল কট্টরপন্থী গ্রুপ হিসেবে পরিচিত স্টুডেন্ট অ্যান্ড পিপল নেটওয়ার্ক টু রিফর্ম থাইল্যান্ড নামের একটি গ্রুপও। ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির একজন ফটোসাংবাদিক জানান, নিরাপত্তার স্বার্থে ভবনের সামনে বালুর বস্তা দিয়ে যে দেয়াল তৈরি করা হয়েছে, তার ওপর বালতিতে করে সিমেন্ট ঢেলে দিয়েছেন কিছু বিক্ষোভকারী। অন্যরা কাছের আরেকটি স্থানে টায়ার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন।
প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে এবং রাজনীতিতে তাঁর পরিবারের প্রভাব খর্ব করতে তিন মাসের বেশি সময় ধরে গণবিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা যেসব সরকারি কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন, বর্তমানে সেগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছে সরকার।
ইংলাক প্রায় দুই মাস ধরে ব্যাংককে তাঁর সরকারি সদর দপ্তর ব্যবহার করতে পারছেন না। বিক্ষোভকারীরা সেটি অবরুদ্ধ করে রেখেছেন। বাধ্য হয়ে তিনি ব্যাংককের বিভিন্ন ভবন বৈঠকের জন্য ব্যবহার করছেন। এএফপি।