থাইল্যান্ডে উপনির্বাচনে পাঁচ প্রদেশে ভোট গ্রহণ
থাইল্যান্ডে সহিংসতার কারণে স্থগিত পাঁচটি প্রদেশে গতকাল রোববার উপনির্বাচন হয়েছে। এতে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা গতকালও ব্যাংককের লুম্পিনি পার্কে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
গত ২ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচনে বিক্ষোভকারীদের বাধার কারণে সৃষ্ট সহিংসতায় ওই পাঁচটি প্রদেশে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্যমতে, ৩৭৫ আসনের থাই পার্লামেন্টে ৬৯টি আসনেই ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। ৭৭টি প্রদেশের মধ্যে ১৮ প্রদেশেই গোলযোগ হয়েছিল। স্থগিত হওয়া অন্য প্রদেশগুলোতে আগামী মাসে নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা স্থগিত রয়েছে।
তবে গতকাল শান্তিপূর্ণ নির্বাচনের ফল যাই হোক, তা দেশটিতে শিগগিরই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নির্বাচন কমিশনের মহাসচিব পুচং নুত্রায়ং বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। একটি কেন্দ্রে ২০ জন বিক্ষোভকারী ভোট গ্রহণ বন্ধের চেষ্টা করেছিলেন। তাঁরা সফল হননি। রয়টার্স।