থাইল্যান্ডে কৃষকদের বিমানবন্দর অবরোধ কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে বিমানবন্দর অবরোধ করার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত কৃষকেরা। সরকার তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর গতকাল শুক্রবার তাঁরা বিমানবন্দর অভিমুখে ট্রাক্টর যাত্রা বন্ধ করে বাড়ির পথ ধরেছেন।
গত বৃহস্পতিবার কৃষকেরা ট্রাক্টর নিয়ে রাজধানী ব্যাংককের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমির উদ্দেশে যাত্রা শুরু করেন। চালের ক্ষেত্রে একটি ভর্তুকির অর্থ না পেয়ে তাঁরা বিমানবন্দরটি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। গতকাল কৃষকদের বিমানবন্দর পৌঁছানোর কথা ছিল। তাঁরা উত্তর ব্যাংককে পৌঁছানোর পরই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় বসে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সরকারের পক্ষ থেকে আগামী সপ্তাহের মধ্যেই ভর্তুকির অর্থ কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
চালে ভর্তুকি বিল অনুযায়ী, দেশটির কৃষকেরা চালের বাজারমূল্যের ওপর ৫০ শতাংশ ভর্তুকি পাবেন। তবে নতুন করে এই ভর্তুকি প্রদান দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। কারণ, দেশটিতে অবিক্রীত চালের পাহাড় জমে যাচ্ছে। এএফপি।