থাইল্যান্ডে ক্ষমতা পোক্ত করছে সেনাবাহিনী, ইংলাক মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-2-uppp
Untitled-2-uppp

থাইল্যান্ডে ক্ষমতায় নিজেদের অবস্থান আরও পোক্ত করার দিকে মনোনিবেশ করেছে সেনাবাহিনী৷ গতকাল রোববার তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে অভ্যুত্থানবিরোধী প্রচারণা বন্ধের নির্দেশ দেয়৷ এর মধ্যেও গতকাল ব্যাংককে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ হয়েছে৷ এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী৷ খবর এএফপি, সিএনএন ও রয়টার্সের৷থাইল্যান্ডে টানা কয়েক মাসের রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে সেনাবাহিনী গত বৃহস্পতিবার দেশে অভ্যুত্থান ঘটায়৷ এর পরই ইংলাক সরকারের মন্ত্রীসহ অজ্ঞাতসংখ্যক কর্মকর্তাকে আটক ও সংবিধান স্থগিত ঘোষণা করে৷ গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করে সেনাবাহিনী৷ গত শনিবার তারা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটও বিলুপ্ত ঘোষণা করে৷

থাইল্যান্ডের সর্বশেষ কার্যকরী এই আইনসভা বিলুপ্ত করার মাধ্যমে বেসামরিক সরকারের সব ক্ষমতা এখন চলে গেছে সেনাবাহিনীর কবজায়৷
সেনাবাহিনীর উপমুখপাত্র উইনথাই সুভারি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, ‘আমরা সবাইকে প্রতিবাদ-বিক্ষোভ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি৷ কারণ, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহজাত পরিবেশ নয়৷ যাঁরা উসকানি দিতে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছেন, তাঁরা দয়া করে এটা থামান৷ কারণ, এটা কারও জন্যই ভালো নয়৷ আর গণমাধ্যমকে কথা বলা, সমালোচনা করার ক্ষেত্রে সতর্ক হতে হবে৷’
তবে সামরিক বাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করেই গতকাল আবার রাজধানী ব্যাংককে বিক্ষোভ হয়েছে৷ অবশ্য ব্যাংককের মধ্য এলাকার একটি বিপণিবিতান কেন্দ্রের বাইরে ওই বিক্ষোভে অংশগ্রহণকারীর তুলনায় সেনাসদস্যের সংখ্যাই ছিল বেশি৷ স্লোগান শুরুর পর দুজনকে তুলে নিয়ে যায় সেনারা৷ পরে এক হাজারের বেশি লোক শহরজুড়ে অভ্যুত্থানবিরোধী মিছিল করে৷
সেনাবাহিনী গতকাল থেকে দেশের বিভিন্ন পর্যায়ের নেতা থেকে শুরু করে বেসরকারি বাণিজ্যিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে৷ দেশের ১৮টি সংবাদপত্রের কর্তাব্যক্তিদের নিয়েও বৈঠক ডাকা হয়৷
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী৷ গত সপ্তাহে অভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসনক্ষমতা দখলে নেওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল৷
সামরিক সরকারের শীর্ষস্থানীয় একটি সূত্র গতকাল ইংলাককে মুক্তি দেওয়ার কথা জানায়৷ ইংলাকের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রও তাঁকে একটি সেনাশিবির থেকে ছেড়ে দেওয়ার খবরটি নিশ্চিত করে৷
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিবৃতি: মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মেরি হার্ফ এক বিবৃতিতে বলেন, থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তাঁরা সামরিক ও অন্যান্য সহায়তার বিষয়টি পুনর্বিবেচনা করছেন৷ আগের ঘোষণার পাশাপাশি প্রতিরক্ষা দপ্তর থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় মহড়া বাতিলের ঘোষণা দিচ্ছে৷