থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি

থাইল্যান্ডে সরকার পতনের চলমান সহিংস আন্দোলন ঠেকাতে অবশেষে দেশটিতে দুই মাসের জরুরি অবস্থা জারি করল সরকার।
বিবিসি অনলাইনের এক খবরে জানা গেছে, আজ মঙ্গলবার থাইল্যান্ডে মন্ত্রিসভার বৈঠকের পর এ জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়।
দেশটির উপপ্রধানমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি শান্ত করতেই মন্ত্রিসভা এই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, ইংলাক সিনাওয়াত্রার সরকারের পদত্যাগ দাবিতে দেশটিতে বেশ কিছুদিন ধরেই সরকারবিরোধী আন্দোলন চলছে। ক্রমেই সে আন্দোলন সহিংসতায় রূপ নিচ্ছে। সরকারবিরোধীরা ইতিমধ্যেই দেশটির রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থল দখলে নিয়েছে। ফলে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী।
তবে বিক্ষোভকারীদের দাবিকে প্রত্যাখ্যান করে আগামী ২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
কৃষকদের আন্দোলনে নামার হুমকি
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, থাইল্যান্ডে স্বাস্থ্যকর্মীদের পর এবার কৃষকেরা সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার হুমকি দিয়েছেন। প্রান্তিক কৃষকেরা বলছেন, তাঁদের কাছ থেকে কেনা ধানের মূল্য পরিশোধ করা না হলে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার উত্খাতের লক্ষ্যে চলমান বিক্ষোভে তাঁরা অংশ নেবেন।
কৃষকদের এই হুমকিকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার জন্য অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে। কারণ, প্রত্যন্ত অঞ্চলের এই ভোটাররাই ইংলাকের বড় শক্তি।
থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় মাসে পড়েছে। কয়েক দিন ধরে চলছে রাজধানী ‘ব্যাংকক অচল’ কর্মসূচি। সরকারবিরোধীরা রাজধানীর বেশ কয়েকটি এলাকা অবরুদ্ধ করে রেখেছে। গতকাল সোমবার স্বাস্থ্যকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় অনেক জায়গায় তাঁদের রাস্তায় নেমে আসতে দেখা যায়।
অব্যাহত গণ-আন্দোলনের প্রেক্ষাপটে থাইল্যান্ডের টয়োটা মোটর করপোরেশন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অচলাবস্থা চলতে থাকলে তাদের পূর্বপরিকল্পিত ৬০ কোটি ডলার বিনিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করতে হতে পারে।
সরকারের একটি কর্মসূচির আওতায় কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা হয়। কিন্তু অনেক কৃষক অভিযোগ করেন, গত তিন থেকে চার মাস ধরে মূল্য পরিশোধ করেনি সরকার।
মধ্য সুফান বুরি প্রদেশের কৃষক নেতা প্রোম বুনমাছই বলেন, আজ তাঁদের একদল প্রতিনিধি আইনজীবীদের সঙ্গে সাক্ষাত্ করার কথা ছিল। থাই আইনজীবীদের কাউন্সিল তাঁদের উপদেষ্টা। ওই কাউন্সিলই কৃষকদের পক্ষে সরকারের বিরুদ্ধে মামলা করবে। এই কৃষকনেতা আরও বলেন, সরকার যদি ধানের মূল্য দিতে ব্যর্থ হয়, তাহলে ধান কৃষকদের কাছে ফিরিয়ে দিক। তা না হলে হাজারো কৃষক চলমান আন্দোলনে যোগ দেবেন। সরকারের পতন ঘটাবে।
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ইংলাক পরিবার বেশ জনপ্রিয়। তাঁদের ভোটেই ২০১১ সালের নির্বাচনে ইংলাকের পুয়ে থাই পার্টি জয়ী হয়েছিল। এবার তাঁরা বিমুখ হলে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ইংলাকের ভরাডুবির আশঙ্কা করা হচ্ছে।