থাইল্যান্ডে দ্রুত নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের
থাইল্যান্ডে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে দেশটির জান্তা সরকারকে তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল শনিবার সিঙ্গাপুরে একটি সম্মেলনে বক্তব্যে দেশটিতে দ্রুত নির্বাচনের পাশাপাশি রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান৷ খবর রয়টার্স ও এএফপির৷
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে গত ২২ মে উৎখাত করা হয়৷ আগামী ১৫ মাসে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলে গত শুক্রবার জানিয়েছেন ক্ষমতা দখলকারী সেনাপ্রধান জেনারেল প্রাইউথ শান-ওশা৷ তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের আগে রাজনৈতিক সংস্কার ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন৷ সেই কাজ শেষ হলেই তাঁর সেনারা স্বাভাবিক দায়িত্বে ফিরে যাবেন৷ তার আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধৈর্যশীল হতে হবে৷
ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে রাজধানী ব্যাংককে বিক্ষোভের হুমকি দিয়েছে জান্তাবিরোধীরা৷ সংবাদমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ এবং পাঁচজনের বেশি মানুষের সমবেত অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করে ‘মত প্রকাশের স্বাধীনতা’ হরণ করা হয়েছে বলে অভিযোগ করেন হেগেল৷ তিনি অবিলম্বে দেশটির ক্ষমতা থাই জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন৷ ‘গণতন্ত্রের পথ থেকে সরে যাওয়ার’ নিন্দা করে েহগেল বলেন, থাইল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের সামরিক বন্ধন িছন্ন করেছে যুক্তরাষ্ট্র৷
এদিকে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ গতকাল বলেছেন, থাই সামরিক বাহিনীর সঙ্গে ‘সম্পর্ক’ সীমিত করে আনবে তাঁর দেশ৷ থাইল্যান্ডে অভ্যুত্থানের কারণে দুই দেশের তিনটি নির্ধারিত কার্যক্রম ইতিমধ্যে স্থগিত করা হয়েছে৷ দেশটিতে চলমান সামরিক তৎপরতা নিয়ে অস্ট্রেলিয়া সরকার অত্যন্ত উদ্বিগ্ন৷