থাইল্যান্ডে নতুন করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার নতুন করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধীরা বিক্ষোভ শুরু করেছে। বিরোধী দল আসন্ন নির্বাচনে যাচ্ছে না বলে ঘোষণা দিয়ে আবার আন্দোলনে নামার কারণে দেশটিতে চলমান সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশন (ইসি) আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে সংকট নিরসনের আহ্বান জানিয়ে গতকাল বলেছে, সহিংসতার আশঙ্কার কারণে পূর্বঘোষিত সময় অনুযায়ী ভোট গ্রহণ সম্ভব হবে না। বিক্ষোভের মুখে ৯ ডিসেম্বর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইংলাক। আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে। কিন্তু বিরোধীরা নির্বাচন প্রতিহত করার হুমকি দিচ্ছে।
গতকাল ইসির কমিশনার সোমচাই শ্রীসুথিমতয়াকোরন বলেন, আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই ওই দিন ভোটের আয়োজন করা ঠিক হবে না। তিনি আরও বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে ইসি নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
ইংলাকের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার বিক্ষোভকারী ব্যাংককে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবরুদ্ধ রেখেছিল। সরকারবিরোধী আন্দোলনের নেতা সুথেপ থগসুবান বলেছেন, রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। ইংলাককে পদত্যাগ করে অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলের’ কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইংলাক বর্তমানে থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী তাঁর পক্ষে পদত্যাগ করা সম্ভব নয়। থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল দুপুরে অন্তত সাড়ে ছয় হাজার বিক্ষোভকারী মধ্য ব্যাংককের ব্যস্ত রাস্তায় বিক্ষোভ করে। এ সময় অনেকে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে। এসব ব্যানারে লেখা ছিল, ‘আমরা দুর্নীতির বিপক্ষে। সংস্কারের আগে নির্বাচন নয়,’ লেখা ছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, ইংলাক তাঁর বড় ভাই সাবেক প্রধানমমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল। ২০০৬ সালে বিক্ষোভের মুখে থাকসিন ক্ষমতাচ্যুত হন। পরে তিনি স্বেচ্ছানির্বাসনে যান। ২০০৮ সালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে তাঁর কারাদণ্ড হয়। বিদেশ থেকে থাকসিন তাঁর বোনকে দিকনির্দেশনা দিয়ে সরকার চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ছাত্রসহ প্রায় এক হাজার বিক্ষোভকারীর আরেকটি দল ব্যাংককে মার্কিন দূতাবাসের দিকে যায়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। ইংলাকের আগাম নির্বাচনের ঘোষণাকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন। এতে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুব্ধ হয়েছে। তারা মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টি কেনিকে সরানোর দাবি জানায়।
বিক্ষোভকারীদের শীর্ষস্থানীয় নেতাদের একজন নীতিতোরণ লামলুয়া বলেন, ‘ক্রিস্টিকে থাইল্যান্ডের দূতাবাস থেকে প্রত্যাহার করতে হবে।’ এএফপি ও রয়টার্স।