থাইল্যান্ডে নির্বাচন পেছানোর পরামর্শ কমিশনের

প্রার্থীদের ওপরে সহিংস হামলা চালানো হতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করে থাইল্যান্ডের নির্বাচন কমিশন (নিক) আজ বৃহস্পতিবার আসছে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পেছানোর জন্য সরকারকে অনুরোধ করেছে।
নির্বাচনের অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের বিরত রাখার জন্য বিরোধী দলের কর্মীরা বিক্ষোভ-সমাবেশ করছে। এমন একদল প্রতিবাদীর সঙ্গে সংঘাতে সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
দেশটিতে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি চাইছে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার একটি নির্দলীয় ‘জনপরিষদের’ কাছে ক্ষমতা ছেড়ে দিক। তারপর ওই জনপরিষদ নির্বাচনের আয়োজন করুক। এ দাবিতে বিরোধী দলের ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মুখে সপ্তাহ দুয়েক আগে ইংলাক অন্তর্বর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সরকারবিরোধীরা নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে।
এর আগে ইংলাক জাতীয় সংস্কার পরিষদ গঠন করার যে প্রস্তাব দিয়েছিলেন, সেটিও প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। তারা চাইছে ইংলাক পদত্যাগ করুন।
বিরোধী দলের নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে প্রার্থীদের রেজিস্ট্রেশন চলছিল, এমন একটি স্টেডিয়ামে পাথর ছুড়ে ও সেটির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
৯ ডিসেম্বরে ইংলাক পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন নির্বাচনে ডাক দেন। এর আগে প্রায় দেড় লাখ প্রতিবাদী সরকারের পতনের দাবিতে রাজপথে নেমেছিল।