থাইল্যান্ডে পার্লামেন্ট বিলুপ্ত ফেব্রুয়ারিতে নির্বাচন

থাইল্যান্ডের পার্লামেন্ট গতকাল সোমবার ভেঙে দেওয়া হয়েছে। দেশটিতে আগামী ২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হতে পারে। সরকারবিরোধী চলমান বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর গতকাল নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা নির্বাচনের সম্ভাব্য এই তারিখের কথা জানান।
তবে সরকারবিরোধীরা নির্বাচনের উদ্যোগ প্রত্যাখ্যান করে অনির্বাচিত পিপলস কাউন্সিলের হাতে ক্ষমতা দেওয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে পার্লামেন্ট থেকে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির সদস্যরা পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ইংলাক গত রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। তাঁর ওই ঘোষণার পর গতকাল তিনি পার্লামেন্ট ভেঙে দেন। গতকাল টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘এ অবস্থায় বিভিন্ন পক্ষ থেকে মানুষ সরকারকে প্রত্যাখ্যান করছে। এখন থাইল্যান্ডের জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে আগাম নির্বাচনের আয়োজন করাই সংকট সমাধানের সর্বোৎকৃষ্ট পন্থা।’
নির্বাচন কমিশনের কর্মকর্তা সদরি সত্তাথাম গতকাল বলেন, ‘পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে।’
তবে নির্বাচনের উদ্যোগ প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীদের নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থগসুবান বলেন, ‘আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। পার্লামেন্ট ভেঙে দেওয়া আমাদের লক্ষ্য ছিল না।’
পিপলস কাউন্সিলের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে গতকাল হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাস্তায় নেমে আসেন। প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসের সামনেই সমাবেশ করার ঘোষণা দেন বিরোধী নেতা থগসুবান। তবে ডেমোক্র্যাট পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সরাসরি কিছু উল্লেখ না করে বলেন, ‘পার্লামেন্ট ভেঙে দেওয়া বর্তমান সংকট সমাধানের পথে একটি পদক্ষেপ। আজ (সোমবার) আমিও গভর্নমেন্ট হাউসের সামনে বিক্ষোভে যোগ দেব।’
পুলিশ বলছে, ব্যাংককের বিভিন্ন অঞ্চল থেকে গভর্নমেন্ট হাউস অভিমুখে যে হারে বিক্ষোভকারী আসছেন, তাতে এ সংখ্যা দেড় লাখে পৌঁছাতে পারে।
ইংলাকের দল পুয়ে থাই পার্টির নেতা জারুপোং রুয়াংসুবান বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রাস্তায় নেমে রাজনৈতিক খেলা বন্ধ করুন। আমরা চাই ডেমোক্র্যাট পার্টি নির্বাচনে অংশ নিক।’ জারুপোং জানান, ইংলাক সিনাওয়াত্রা এবারের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২০১১ সালের জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৫০০ আসনের পার্লামেন্টে ইংলাকের দল পুয়ে থাই পার্টি ২৬৫ আসনে জয়ী হয়েছিল। বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি পেয়েছিল ১৬১ আসন। রয়টার্স।