থাইল্যান্ডে পাড়ি ছয় হাজার রোহিঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে জাতিগত দাঙ্গার কবলে পড়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ছয় হাজার রোহিঙ্গা মুসলমান নৌকায় অবৈধভাবে থাইল্যান্ড পাড়ি জমিয়েছে। থাইল্যান্ডের এক সেনা মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।থাইল্যান্ডের সেনাবাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড (আইএসওসি) বলেছে, ওই সময়ের পর থাই ভূখণ্ডে পাঁচ হাজার ৮৯৯ জন রোহিঙ্গা উদ্বাস্তু প্রবেশ করেছে। এদের মধ্যে এক হাজার ৭৫২ জন বিভিন্ন অভিবাসী সেন্টার, পুলিশ স্টেশন কিংবা আশ্রয় শিবিরে অবস্থান করছে।আইএসওসির মুখপাত্র দিথাপর্ন সাসাসামিত বলেন, অবশিষ্ট শরণার্থীদের সাগরপথে ফেরত পাঠানো হয়েছে। গত মাসে দেশটির কর্তৃপক্ষ জানায়, সেনাসদস্যদের যোগসাজশে কিছু রোহিঙ্গা উদ্বাস্তু মানব পাচারকারীদের হাতে পড়েছে বলে যে অভিযোগ উঠেছে, তারা তা খতিয়ে দেখছে। মানবাধিকারকর্মীরা দাবি করেন, মালয়েশিয়ায় অবৈধভাবে পাঠানোর কথা বলে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছ থেকে পাচারকারীরা বিপুল অঙ্কের অর্থ দাবি করছে। যারা এই অর্থ দিতে পারছে না তাদের জোরপূর্বক বিভিন্ন কায়িক শ্রমে বাধ্য করা হচ্ছে।থাই কর্মকর্তারা জানান, রোহিঙ্গা উদ্বাস্তুদের ছয় মাস শিবিরগুলোতে থাকার অনুমতি দেওয়া হবে। এএফপি।