থাইল্যান্ডে পুলিশ ও সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে গতকাল মঙ্গলবার পুলিশের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, রাজধানী ব্যাংককের ১১টি স্থানে সমাবেশ করতে না দেওয়ার সরকারি আদেশ ভাঙার পরিকল্পনা করছেন তাঁরা। এর আগে সকালে ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে বিক্ষোভকারীদের বের হতে বাধা দিলে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এই প্রথম বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলো। প্রায় এক মাস ধরে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার পদত্যাগ ও নতুন নির্বাচন ঘোষণার দাবিতে বিক্ষোভ করে আসছেন লাল শার্ট পরিহিত বিক্ষোভকারীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থী এসব বিক্ষোভকারী ব্যাংককে অবস্থান নিয়ে তাঁদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তাঁরা রাজধানীর বিভিন্ন অংশে সমাবেশ করার চেষ্টা করেন। কিন্তু সরকার এ ধরনের সমাবেশ অবৈধ ঘোষণা করে আদেশ জারি করে।এর প্রতিবাদে গতকাল বিক্ষোভকারীরা নিরাপত্তা-বেষ্টনী ভেঙে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ ও সেনাসদস্যরা তাঁদের বাধা দেন। এক হাজার পুলিশ ও সেনাসদস্য সমসংখ্যক বিক্ষোভকারীর মুখোমুখি হন। এ সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে ডিম, পানির বোতল ছোড়েন এবং বেষ্টনী ভাঙার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা এখন কয়েকটি ভাগে ভাগ হয়ে রাজধানীতে অবস্থান করছেন। মূল অংশটি ব্যাংককের প্রধান বাণিজ্যিক এলাকায় অবস্থান করছে। আরেকটি ছোট দল রয়েছে শহরের পুরোনো অংশে। তৃতীয় একটি দল নগর-উদ্যান এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের হটিয়ে দেন।এদিকে গতকাল ভেজ্জাজিভার নেতৃত্বাধীন ডেমোক্র্যাট পার্টির কার্যালয়ের সামনে একটি গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। দলীয় মুখপাত্র সাতিত পিতুতাচা বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছোড়া গ্রেনেডটি দলীয় কার্যালয়ের পেছনে গাড়ি রাখার স্থানে বিস্ফোরিত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।বিক্ষোভকারীদের একজন নেতা নাত্তাউত সাইকুয়া বলেন, ‘এখন থেকে আমরা আক্রমণাত্মক নীতি অনুসরণ করব। ব্যাংককের নিষেধাজ্ঞা আরোপিত হওয়া ১১টি স্থানে আমাদের লোকদের সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের কেউ বাধা দিলে তা প্রতিহত করতে হবে।’ব্যাংকক পুলিশের একজন মুখপাত্র পিয়া উতাইয়ো বলেন, বিক্ষোভ দমনে এখনো তাঁরা কোনো ধরনের বল প্রয়োগ করতে চাইছেন না। সেনাবাহিনীর মুখপাত্র সানসার্ন কায়েওকামনার্দ বলেন, ‘বিক্ষোভকারীদের ওপর কোনো দমন-নিপীড়ন চালানো হচ্ছে না। পরিস্থিতি পর্যালোচনা করে দেখছি আমরা।’ সরকারের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে থাইল্যান্ডের ব্যবসায়ী-নেতারা দ্রুত এ সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, পরিস্থিতি এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। গতকাল চতুর্থ দিনের মতো ব্যাংককের অভিজাত বাণিজ্যিক এলাকার হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট বন্ধ ছিল। এক যৌথ বিবৃতিতে ওই এলাকার তিনটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন জানিয়েছে, এ পর্যন্ত বিক্ষোভকারীদের অবরোধের কারণে তাদের দুই কোটি ৮০ লাখ ডলার ক্ষতি হয়েছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।