থাইল্যান্ডে পুয়েথাইকে নিষিদ্ধের সুপারিশ পরাজিত দলের
থাইল্যান্ডের বিদায়ী ক্ষমতাসীন দল গতকাল শুক্রবার পুয়ে থাই দলকে নিষিদ্ধ করতে দেশটির নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছে। পুয়ে থাই নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ রাজনীতিকদের অংশ নিতে দেওয়ার অভিযোগে এ সুপারিশ করা হয়। এদিকে দেশটির ভাবী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশবাসীর প্রতি রাজকীয় আইন সুষ্ঠুভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার রাজনৈতিক দল পুয়ে থাই গত রোববার নির্বাচনে জয়লাভ করে। কিন্তু ক্ষমতা হস্তান্তরের আগে ডেমোক্র্যাটরা নির্বাচন কমিশনের কাছে দলটিকে নিষিদ্ধ করার সুপারিশ করে। তবে এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস লেগে যাবে। তবে থাকসিনের ছোট বোন ইংলাকের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে তা বাধা হবে না। ডেমোক্র্যাট দলের আইনি বিভাগের প্রধান উইরাতানা কালায়াসিরি জানান, ‘সাংবিধানিক আদালতের কাছে পুয়ে থাইকে নিষিদ্ধ করার সুপারিশ করার কথা নির্বাচন কমিশনকে বলেছি। গত রোববারের নির্বাচনে দলটি অন্তত পাঁচ বছরের জন্য নিষিদ্ধ—এমন অনেক রাজনৈতিক কর্মীকে প্রচারণার নীতি নির্ধারণসহ বিভিন্ন কাজে নিয়োজিত করে।’ বিভিন্ন দুর্নীতির অভিযোগে থাকসিন সিনাওয়াত্রা ও তাঁর দলকে অতীতে নিষিদ্ধ করা হয়। পরে ২০০৮ সালে ক্ষমতায় আসে ডেমোক্র্যাটরা। কিন্তু সিনাওয়াত্রার বোন ইংলাক পুয়ে থাই দলের নেতৃত্বস্থানীয় পদে না থাকায় তাঁর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল না। পুয়ে থাই দলের বিরুদ্ধে যখন নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে, তখন দেশটির ভাবী প্রধানমন্ত্রী ইংলাক দেশবাসীর প্রতি রাজকীয় আইন সুষ্ঠুভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। দেশটির রাজা বা রানি সম্পর্কে যাঁরা অপমানসূচক মন্তব্য করেন, ইংলাক তাঁদের এ-সংক্রান্ত আইন পড়ার পরামর্শ দেন। রাজকীয় আইনে বলা আছে, এ ধরনের আচরণের জন্য অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। গত এপ্রিলে বিক্ষোভকারী লাল শার্টদের দলের তিনজন সদস্যের বিরুদ্ধে রাজকীয় আইন অবমাননার অভিযোগ আনে সেনাবাহিনী। বলা হয়, ওই তিনজন বিক্ষোভকারী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রাজপরিবারের বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করেন। এএফপি।