থাইল্যান্ডে বন্যায় পানিবন্দী হাজার হাজার মানুষ
থাইল্যান্ডের বন্যা-পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকায় গত সোমবার থেকে দক্ষিণাঞ্চলীয় একটি শহরের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে হাজার হাজার লোক আটকা পড়েছে। শহরটির অধিকাংশ এলাকা কয়েক মিটার পানির নিচে তলিয়ে গেছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিকল হয়ে পড়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ অক্টোবর থেকে অবিরাম বৃষ্টি শুরু হওয়ায় পুরো থাইল্যান্ডে বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যার কারণে এ পর্যন্ত সেখানে প্রায় ১০০ জন মারা গেছে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে শোংখলা প্রদেশের হাত ইয়াই শহরে। সেখানে প্রায় দেড় লাখ লোকের বাস। এ ছাড়া শহরটি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ায় সেখানে সব সময়ই লোকজনের ভিড় থাকে।কর্মকর্তারা বলেছেন, গত সোমবার হাত ইয়াই শহরের সঙ্গে অন্য এলাকার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আঞ্চলিক পরিচালক ভিরোচ ফোমচাই বলেছেন, তিনি হাত ইয়াই শহরের বড় হোটেলগুলোর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। তাঁর ধারণা, পানিবন্দী হাজার হাজার লোক বাড়িঘরে আটকা পড়েছে। তাদের মধ্যে অনেক পর্যটকও রয়েছে বলে তাঁরা মনে করছেন।এর আগে হাত ইয়াই শহরের মেয়র প্রাই পাত্তানো জানিয়েছেন, তাঁর শহরের বিভিন্ন আবাসিক এলাকা তিন-চার মিটার (সর্বোচ্চ ১৩ ফুট) পানিতে তলিয়ে গেছে। তাঁর মতে, সেখানে পানিবন্দী লোকের সংখ্যা এক লাখের বেশি।থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা বলেছেন, গত দুই-তিন সপ্তাহের বন্যায় সারা দেশে ৬০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িঘর ও গবাদিপশু ভেসে গেছে। অগণিত খামারের ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া এই বন্যা-পরিস্থিতিকে ‘ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সবচেয়ে খারাপ অবস্থা চলছে দক্ষিণাঞ্চলে। সেখানে যাওয়ার পথঘাট সব নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় তাঁরা আটকে পড়া লোকজনকে উদ্ধারের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেছেন, পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এএফপি।