থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১
দুই সপ্তাহের বন্যায় থাইল্যান্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল সোমবার জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, বন্যার কারণে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজন নিয়ে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪১। এ ছাড়া রাজধানী ব্যাংককের আশপাশের নদীতে পানি বাড়ায় উদ্বেগ দেখা দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে বন্যা দেখা দেয়। এতে লাখ লাখ মানুষ দুর্ভোগের শিকার হয়েছে। হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাংককের গভর্নর সুখুমভন্দ পরিবত্র জানান, ‘আমাদের অবস্থা এখনো সংকটাপন্ন। তাই আমরা বন্যা-পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছি। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ তিনি আরও জানান, দুই লাখ বালুর বস্তা ফেলে ব্যাংককের বন্যানিয়ন্ত্রণ বাঁধকে শক্তিশালী করা হয়েছে। এ ছাড়া এক হাজারের বেশি পানির পাম্প প্রস্তুত রাখা হয়েছে। থাইল্যান্ডের কৃষি বিভাগ ব্যাংককের আশপাশের বাসিন্দাদের বন্যার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এএফপি।