থাইল্যান্ডে বিক্ষোভ দমনে সেনাশাসন জারির দাবি হলুদ শার্টধারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীদের দমন করতে সামরিক শাসন জারির দাবি তুলেছেন প্রতিপক্ষ হলুদ শার্ট পরা নেতারা। লাল শার্টধারীদের বিক্ষোভস্থল থেকে উচ্ছেদ করতে সরকারকে হলুদ শার্টধারীদের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমা পার হওয়ার পর গতকাল সোমবার তাঁরা এ দাবি করেন। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে দমন অভিযানের ঘোষণা দেওয়ায় লাল শার্টধারী নেতা-কর্মীরা কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও তাঁরা তাঁদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিকে গত রোববার গভীর রাতে সে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা চালানো হয়েছে। এতে ১১ জন আহত হয়েছে। খবর এএফপির।সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরা লাল শার্ট এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার সমর্থক সংগঠন পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির (পিএডি) কর্মীরা হলুদ শার্ট বলে পরিচিত। লাল শার্টধারীরা প্রধানত, গ্রামাঞ্চলের দরিদ্র কৃষক। হলুদ শার্টধারীরা মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর।গতকাল হলুদ শার্ট নেতা সূর্যসাই কাটাসিলা বলেন, প্রধানমন্ত্রী ভালো করেই জানেন, এ জাতীয় পরিস্থিতি মোকাবিলার জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার দরকার হয়। যেহেতু রাজনৈতিকভাবে সংকটের সমাধান হচ্ছে না, সেহেতু সামরিকভাবে পরিস্থিতির মোকাবিলা করা উচিত। তিনি বলেন, সংকট থেকে জাতিকে বাঁচাতে এখনই সামরিক আইন জারি করা উচিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে পিএডি নিজ উদ্যোগে লাল শার্টধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।গত মাসে লাল শার্টরা যখন সরকার পতনের আন্দোলন শুরু করেন, সে সময় হলুদ শার্টরা নীরব ছিলেন। তবে গত সপ্তাহেই তাঁরা লাল শার্টধারীদের প্রকাশ্য বিরোধিতা শুরু করেন। লাল শার্টধারীরা প্রধানমন্ত্রীকে অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান। অন্যদিকে হলুদ শার্টধারীরা সরকারকে বিক্ষোভ দমনের জন্য এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেন।প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে গত রোববার টেলিভিশন ভাষণে লাল শার্টধারীদের দাবি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে যেকোনো সময় বিক্ষোভ দমন অভিযান শুরু করা হবে বলে ঘোষণা দেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, প্রয়োজন হলে তাঁরা অভিযানের সময় গুলিও ছুড়বেন।লাল শার্টধারী নেতা নাত্তাউত সাইকুয়ার বলেছেন, অভিজিৎ যদি তাঁদের ওপর দমন-পীড়ন শুরু করেন, তাহলে তাঁকে গদি ছেড়ে পালাতে হবে। তিনি বলেন, ব্যাংককে লাল শার্টধারীদের দমন করতে দেশের অন্যান্য এলাকায় মোতায়েন করা পুলিশ ও সেনাদের রাজধানীতে আনার চেষ্টা করা হলে গ্রামাঞ্চলে তাঁদের কর্মীরা ওই সেনা ও পুলিশ সদস্যদের প্রতিহত করবেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ব্যাংককে বাণিজ্যিক এলাকার পাশে অবস্থান নেওয়া লাল শার্টধারীদের মধ্যে অভিযানের বিষয়ে ভীতি লক্ষ করা গেছে। অনেকেই বিক্ষোভস্থলে আর লাল শার্ট পরে আসছেন না। বহু কর্মী অন্য রঙের পোশাক পরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।এদিকে কর্মকর্তারা বলেছেন, ব্যাংককে সাবেক প্রধানমন্ত্রী বনহার্ন শিল্পা আর্চার বাড়িতে গত রোববার রাতে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছে। ১৯৯৫ সালের জুলাই থেকে ১৯৯৬ সালের নভেম্বর পর্যন্ত বনহার্ন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।