
থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীরা গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয় অবরোধ করেছে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনে রাজধানী ব্যাংককের আরও কয়েকটি সরকারি দপ্তর অবরোধের হুমকি দিয়েছে। ইংলাক সরকার উৎখাতের আন্দোলন তীব্র করতে বিরোধীরা এই কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাংককের রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ দুই দিন ধরে বিক্ষোভ করছে। পুলিশ জানায়, গতকালের বিক্ষোভে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেয়। তারা বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি সামরিক ও পুলিশ বাহিনীর ঘাঁটি এবং টেলিভিশন চ্যানেল দপ্তরের সামনে বিক্ষোভ করে।
বিক্ষোভকারীদের সংগঠক ও সাবেক আইনপ্রণেতা সুথেপ থগসুবান বলেন, তাঁরা আজ সব মন্ত্রণালয় অবরোধ করবেন। দেশ পরিচালনার বৈধতা সিনাওয়াত্রা সরকারের নেই।
২০১০ সালের পর থাইল্যান্ডে এটিই সবচেয়ে বড় গণবিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে। ওই বছর দেশটিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংঘাতে অন্তত ৯০ জন প্রাণ হারায়।
বর্তমান প্রধানমন্ত্রী ইংলাকের ভাই তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে দেশটি কয়েক দফা রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে। এবারের বিক্ষোভের মূল কারণ হিসেবে একটি বিতর্কিত রাজনৈতিক দায়মুক্তি বিল পাসের উদ্যোগকে চিহ্নিত করা হয়। ওই আইন পাস হলে থাকসিন নির্বাসন থেকে দেশে ফিরে আসার সুযোগ পাবেন বলে বিরোধীরা অভিযোগ করছে।
থাইল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট অবশ্য বিলটি প্রত্যাখ্যান করেছে। কিন্তু তার পরও সরকারবিরোধী আন্দোলন থামেনি। গত রোববার বিক্ষোভে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এএফপি ও বিবিসি।