থাইল্যান্ডে মিয়ানমারের আশ্রয়শিবিরে আগুন ৪৫ জন নিহত
থাইল্যান্ডের একটি আশ্রয়শিবিরে গত শুক্রবার অগ্নিকাণ্ডে মিয়ানমারের ৪৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারের বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে সহিংসতা থেকে বাঁচতে বহু মানুষ পালিয়ে ওই শিবিরে আশ্রয় নিয়েছিল।এদিকে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মিকতিলা শহরে কয়েক দিনের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মায়ে হং সান প্রদেশের মায়ে সুরিন শিবিরে শুক্রবার আগুন লাগে। এতে প্রায় ৪০০ পরিবারের তাঁবু পুড়ে যায়। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।একজন প্রাদেশিক কর্মকর্তা জানান, উদ্ধার কর্মকর্তারা এখনো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের কারণে প্রায় দুই হাজার ৩০০ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন গত শুক্রবার মিকতিলা শহরে জরুরি অবস্থা জারি করেন। গতকাল শনিবার সেখানে সেনাদের প্রায় ৫০টি ট্রাককে টহল দিতে দেখা গেছে। গত বুধবার সহিংসতা শুরু হওয়ার পর থেকে মিকতিলায় বহু মসজিদ ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। এ সময় উত্তেজিত বৌদ্ধ জনতাকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে ঘোরাফেরা করতে দেখা গেছে।কর্মকর্তারা বলেন, মিকতিলার পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এখনো সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তায় বেশ কিছু মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুড়ে যাওয়া অনেক দালানের ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে। মিকতিলা শহরে প্রায় এক লাখ মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৩০ হাজার মুসলমান। উত্তেজিত বৌদ্ধ জনতা মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে নির্বিচারে আগুন দিয়েছে। এরপর তারা ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেয়নি। সর্বস্ব হারিয়ে প্রায় ছয় হাজার মুসলিম একটি খোলা মাঠ ও থানায় আশ্রয় নিয়েছে। এএফপি ও এপি।