থাইল্যান্ডে রাজার জন্মদিন উপলক্ষে বিক্ষোভ শিথিল
রাজা ভূমিবল আদুলিয়াদেজের ৮৬তম জন্মদিন উপলক্ষে থাইল্যান্ডের সরকারবিরোধীরা বিক্ষোভ সাময়িকভাবে শিথিল করেছেন। গতকাল বুধবার রাজপথ পরিষ্কার করতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কাজ করেছেন একদল বিক্ষোভকারী।
গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ এ সপ্তাহের শুরুর দিকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার কার্যালয়ে ঢুকতে চেষ্টা করেন। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন বিক্ষোভকারী নিহত ও শতাধিক আহত হন। তবে মঙ্গলবার পুলিশ কৌশল পরিবর্তন করে প্রতিবন্ধকতা সরিয়ে বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশের আহ্বান জানায়। এ ছাড়া পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনের পুলিশি প্রহরাও সরিয়ে নেওয়া হয়। বিক্ষোভকারীরা ‘আংশিক বিজয়’ হয়েছে দাবি করে উল্লাস করেন। পরিস্থিতি শান্ত হয়।
থাইল্যান্ডে সর্বজনশ্রদ্ধেয় রাজার জন্মদিনকে সামনে রেখে গতকাল ব্যাংককের ডেমোক্রেসি মনুমেন্টের আশপাশ পরিচ্ছন্ন করা হয়। এ সময় সরকারি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীরাও যোগ দেন। ওই চত্বরেই জন্মদিনের অনুষ্ঠান হবে।
বিক্ষোভকারীদের একটি দল গতকাল পুলিশ সদর দপ্তরের দিকে যায়। পুলিশ বলেছে, এতে তারা মোটেও চিন্তিত নয়। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান পারাদোরন পাত্তানাতাবাত বলেন, ‘বিক্ষোভকারীরা তাঁদের শক্তি প্রদর্শন করছে। বিক্ষোভ যে এখনো অব্যাহত আছে, এটাই প্রমাণের চেষ্টা করছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।’
২০০৬ সালে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কয়েক দিনের গণ-আন্দোলনের পর সেনাবাহিনী তখনকার প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে। ২০০৮ সালে দেশ ত্যাগ করে স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। বিবিসি।