থাইল্যান্ডে শান্তি চুক্তির এক দিন পরেই বোমা বিস্ফোরণ
থাইল্যান্ডের সরকার একটি বিদ্রোহী সংগঠনের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের এক দিন পরেই দেশটিতে বোমা হামলা হয়েছে। দেশটির গোলযোগপূর্ণ দক্ষিণ অঞ্চলে ওই হামলায় ছয় ব্যক্তি আহত হয়েছে। পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত শহরের একটি ব্যস্ত বাজারের কাছে একটি মোটরসাইকেলে বোমাটি লুকিয়ে রাখা হয়েছিল। বোমাটি যে সময় বিস্ফোরিত হয় তখন সেখানে কড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল। এর মধ্যেই বোমা বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়।এমন একসময়ে ওই বোমা হামলার ঘটনা ঘটল, যার এক দিন আগে থাইল্যান্ডের সরকার দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ অঞ্চলভিত্তিক কয়েকটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে শান্তি আলোচনার লক্ষ্যে একটি চুক্তি সই করে। স্থানীয় পুলিশের ধারণা, বিদ্রোহী বারিসান রেভলুসি ন্যাশনাল গোষ্ঠীর সঙ্গে সরকারের চুক্তির খবরে প্রতিদ্বন্দ্বী কোনো গোষ্ঠী এই বোমা হামলা চালাতে পারে। এএফপি।