থাইল্যান্ডে শিগগিরই নির্বাচন হচ্ছে না
থাইল্যান্ডে শিগগির নির্বাচনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে দেশটির ক্ষমতা দখলকারী সেনাবাহিনী৷ গতকাল বৃহস্পতিবার তারা জানিয়েছে, দেশে বেসামরিক শাসন ফিরিয়ে আনার আগে ‘উপযুক্ত পরিস্থিতি’ তৈরি করতে হবে৷ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের এক সপ্তাহ পর তাদের তরফ থেকে এ কথা জানানো হলো৷ খবর রয়টার্সের৷
থাই সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শাতশালেরম শালেরমসুখ গতকাল বলেন, ‘কাউন্সিলের উদ্দেশ্য হচ্ছে, দেশে উপযুক্ত পরিবেশ তৈরি করা...থাইল্যান্ডকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে নিয়ে যাওয়া৷’ কাউন্সিল বলতে তিনি সামরিক-অভ্যুত্থানের নায়ক সেনাপ্রধান প্রাইউথ শান-ওশার জাতীয় শান্তি ও শৃঙ্খলা পরিষদকে বুঝিয়েছেন৷ ২২ মের অভ্যুত্থানের পর থেকে এই পরিষদ দেশ চালাচ্ছে৷
নির্বাচন অনুষ্ঠানের জন্য কী ধরনের পরিবেশ দরকার তা স্পষ্ট করে বলেননি শাতশালেরম৷ তবে তিনি জানিয়েছেন, সেনাবাহিনী দেশে বিবদমান দুই রাজনৈতিক পক্ষের মধ্যে সমঝোতা দেখতে চায়৷ বিশেষ করে ২০০১ সালে থাকসিন সিনাওয়াত্রা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ক্ষমতা নিয়ে যে দ্বন্দ্ব চলছে, তার সমাপ্তি দেখতে চান তাঁরা৷
শাতশালেরম বলেন, ‘আমি আপনাদের কাছে জানতে চাই, ১০ বছর ধরে দুই পক্ষের মধ্যে যে বিভেদ চলে আসছে, তা দূর হতে কত সময় লাগবে? দুই পক্ষ কেউ কাউকে ভালোবাসে না৷ কিন্ত আমরা পরিস্থিতি শান্ত ও শান্তিপূর্ণ দেখতে চাই৷ সব পক্ষকে ঠান্ডা করতে নির্দিষ্ট একটা সময় দরকার৷’