থাইল্যান্ডে সংঘর্ষে ১ সেনা নিহত ১৮ বিক্ষোভকারী আহত
থাইল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে থাকসিনপন্থী লালশার্ট বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক সেনা নিহত ও ১৮ বিক্ষোভকারী আহত হয়েছে। গতকাল বুধবার রাজধানী ব্যাংককের ৪০ কিলোমিটার দূরে ভিপাওয়াদি র্যাংসটি মহাসড়কে এ সংঘর্ষ হয়। এ সময় প্রায় দুই হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।এদিকে চলমান অসন্তোষের কারণে ব্রিটেন তার নাগরিকদের থাইল্যান্ড সফরের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। অন্যদিকে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সরকারি অর্থ অপব্যবহারের একটি অভিযোগের শুনানিতে সম্মত হয়েছেন। নির্বাচন কমিশন ওই অভিযোগ দায়ের করে। গতকাল রাজধানী ব্যাংককের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থাকা হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ছেড়ে যাওয়ার সময় সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যাংককের উপকণ্ঠে ভিপাওয়াদি র্যাংসটি মহাসড়কে পিকআপ, বাস, ট্রাক, মোটরসাইকেল নিয়ে প্রায় দুই হাজার বিক্ষোভকারী চলে যাওয়ার সময় সেনা ও পুলিশ তাদের গতি রোধ করার চেষ্টা করে। আর ঠিক তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সেনারা প্রথমে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে আকাশে ফাঁকা গুলিবর্ষণ করে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে একপর্যায়ে তারা রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ১৮ জন বিক্ষোভকারী আহত হয়। বিক্ষোভকারীরা সেনাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভ সমাবেশ থেকে গুলি করা হলে এক সেনা মারা যায়। ব্যাংককের উত্তরাঞ্চলে অবস্থিত ভূমিবল এয়ারফোর্স হাসপাতালের চিকিত্সকেরা সেখানে ১০ জন ভর্তির কথা স্বীকার করেছেন। আহত ব্যক্তিদের জখম সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি। সংঘর্ষের পর ব্যাংককের বাইরে সরকার সেনা সমাবেশ বাড়িয়েছে। সংখ্যা বাড়ানো হয়েছে তল্লাশি চৌকির। রাজধানীর বাইরে থেকে যারা রাজধানীতে প্রবেশ করছে, তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল সংঘর্ষের পরপরই থাইল্যান্ডের শেয়ারবাজারে ধস নামে। জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশে এপ্রিলে শেয়ার সূচক গড়ে ১ দশমিক ৮ শতাংশ বাড়লেও এ সময় থাইল্যান্ডে শেয়ার সূচক এ পর্যন্ত ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুথাপ থাংসুবান বলেছেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দমন করবে। কারণ, এটা এখন পরিষ্কার যে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে না। জনগণের দুর্ভোগ আমরা আর সহ্য করব না। থাইল্যান্ডের চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। দেশটি তার দেশের নাগরিকদের খুব প্রয়োজন না হলে থাইল্যান্ডে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এএফপি, রয়টার্স।