থাইল্যান্ডে সরকার ও বিরোধীদের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে
থাইল্যান্ডে প্রচণ্ড বিক্ষোভের মুখে লাল শার্ট পরা আন্দোলনকারীদের সঙ্গে গতকাল রোববার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা। তবে কোনো রকম সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টায় আবার তাদের আলোচনায় বসার কথা। অন্যদিকে হাজার হাজার বিক্ষোভকারী এখনো প্রধানমন্ত্রীর বাসভবন, পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক এই বিক্ষোভকারীরা বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন।সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল রোববার ভোরে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা রেডিও, টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই ভাষণে তিনি তাঁর অবস্থানে অনড় থাকার ঘোষণা দেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনাকে নাকচ করে দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই নাটকীয়ভাবে তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। দুপুরে দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসে। আন্দোলনকারীদের পূর্বশর্ত অনুযায়ী তাদের পুরো বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।ব্যাংককের শিক্ষা ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। অন্যদিকে ‘লাল শার্ট বিক্ষোভকারী’দের পক্ষে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের ঘনিষ্ঠ নেতা জতুপর্ন প্রমপ্যান ও তাঁর দুই সহযোগী। রাস্তায় বিশাল বিশাল টেলিভিশন মনিটর স্থাপন করে আন্দোলনকারীরা তাঁদের বৈঠকের দৃশ্য প্রত্যক্ষ করেন।দুই ঘণ্টার বৈঠকে বিরোধী নেতা প্রমপ্যান বরাবরের মতোই প্রধানমন্ত্রী ভেজ্জাজিভাকে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানান। প্রধানমন্ত্রী তাঁর সে দাবি প্রত্যাখ্যান করে বলেন, সে সময় এখনো আসেনি। তিনি বলেন, ‘আমরা তখনই মন্ত্রিসভা ভেঙে দেব, যখন বুঝব যে এটা শুধু ‘লাল’দের জন্য নয় বরং পুরো জাতির জন্য মঙ্গলজনক হবে।’বিরোধী নেতা প্রমপ্যান প্রধানমন্ত্রীকে বলেন, তাঁরা বর্তমান সরকারকে সম্পূর্ণ অবৈধ মনে করে। এ কারণে তাঁরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘জনগণ আপনাদের চায় বলে যদি আপনাদের বিশ্বাস থাকে, তাহলে আপনারা নতুন নির্বাচন দিয়ে তাদের ভোটে নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসুন। তবে যা করার দ্রুত করতে হবে। আপনারা আমাদের দাবি না মানলে তা এখনই জানিয়ে দিন। জনগণ সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’শেষ পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় বৈঠক আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়।বৈঠক শেষে বিদায় নেওয়ার আগে বিরোধী নেতা প্রমপ্যান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা আপনাকে দুই সপ্তাহের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিতে বলছি। আগামীকাল (আজ) যদি আবার আমরা বৈঠকে বসি, তাহলে আপনি আমাদের এ দাবি বিবেচনা করবেন আশা করি।’রাস্তায় এ সময় বিক্ষোভকারীদের সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়। বিশ্লেষকেরা বলেছেন, সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা নিয়ে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা ক্ষমতায় এলেও সরকারবিরোধী প্রচণ্ড বিক্ষোভের কারণে সেনাবাহিনী দৃশ্যত তাঁকে আর আগের মতো সমর্থন জানাচ্ছে না। সে কারণে তাঁর সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা আছে বলে মনে করছেন না তাঁরা। এএফপি।