থাইল্যান্ডে সরকার বিরোধী ১১ নেতার জামিন নাকচ
থাাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ১১ জন নেতার জামিন গতকাল মঙ্গলবার নাকচ করে দিয়েছেন আদালত। সরকারবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এঁদের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিরোধী নেতাদের আদালত প্রাঙ্গণে আনা হলে তাঁদের শত শত সমর্থক ভিড় জমায় এবং সরকারবিরোধী স্লোগান দেয়।সরকারবিরোধী নেতাদের গতকাল অপরাধ আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং তাঁদের জামিন দেওয়া ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন।জামিন না পাওয়া এই ১১ জন নেতার মধ্যে সরকারবিরোধী আন্দোলনের দলনেতা ভেরা মুকিশকাপংও রয়েছেন। গত ১৯ মে সেনাবাহিনীর নিষ্ঠুর দমন অভিযানে আন্দোলনকারীরা রণে ভঙ্গ দেওয়ার পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।আদালত থেকে তাঁদের একটি কারাগারে নেওয়ার সময় জনতা গাড়িবহরের গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেয়। এএফপি।