থাইল্যান্ডে সরকার বিরোধীদের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সরকার পতনের দাবিতে আন্দোলনরতরা ঘোষণা দিয়েছে, আজ রোববারই তাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। রাতের মধ্যেই পতন ঘটবে সরকারের। এ লক্ষ্য অর্জনে গতকাল শনিবার রাষ্ট্রীয় টেলিকম গ্রুপের কার্যালয় ঘেরাও করে আন্দোলনকারীরা।
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির নেতা সুথেপ থাংসুবান গত শুক্রবার রাতে ব্যাংককে এক সমাবেশে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘রোববার সরকারকে পরাজিত করা হবে। আমাদের বিজয় ঘোষণা করা হবে।’ তিনি আরও বলেন, লক্ষ্য অর্জনে আইনশৃঙ্খলা বিকল করে দিতে হবে। জাতীয় ও সিটি পুলিশের সদর দপ্তর ঘেরাও করতে হবে। গতকাল দুপুরে হাজারো বিক্ষোভকারী রাষ্ট্রীয় টেলিকম কোম্পানির কার্যালয় ঘেরাও করে। এ সময় কার্যালয়টির চারপাশে কড়া পুলিশি পাহারা ছিল।
উপপ্রধানমন্ত্রী প্রচা প্রমনোক হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘বিক্ষোভকারীরা সরকারি ভবনে প্রবেশের চেষ্টা করলে বল প্রয়োগ করা হবে।’
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে ইতিমধ্যে সরকারের বেশ কয়েকটি দপ্তর অবরোধ করেছে বিক্ষোভকারীরা। ২০১০ সালের রক্তাক্ত বিক্ষোভের পর থাইল্যান্ডে এটিই সবচেয়ে বড় গণবিক্ষোভ। এক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে শুক্রবার সেনা সদর দপ্তর ও প্রধানমন্ত্রীর দলীয় কার্যালয় ঘেরাও করা হয়। এএফপি।