থাইল্যান্ডে সরকারবিরোধীদের রক্ত ঢেলে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারের পদত্যাগ ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রবেশপথে নিজ দেহের রক্ত ঢেলে প্রতিবাদ জানায়। সরকার নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করায় তারা প্রতীকি এ আত্মত্যাগ করে।এদিকে বিক্ষোভের কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গতকাল দেশটির পার্লামেন্ট অধিবেশন মুলতবি করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন।সরকারি দপ্তরগুলোর প্রবেশপথে রক্ত ছিটিয়ে দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরা প্রায় এক হাজার লিটার রক্ত সংগ্রহ করে। নিজেদের মধ্য থেকেই এ রক্ত সংগ্রহ করে। প্রথম ব্যক্তি হিসেবে রক্ত দিয়ে বিক্ষোভকারীদের নেতা ভিরা মুসিকাপং বলেন, এটা জাতির প্রতি তাঁদের ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। তবে এভাবে রক্ত সংগ্রহকে স্বাস্থ্য কর্মকর্তা ও রেডক্রস অস্বাস্থ্যকর বলে মন্তব্য করেছে।এ বিক্ষোভের মধ্যেও প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেননি। সোমবার পদত্যাগ না করার সিদ্ধান্ত জানানোর পর সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো ঘোষণা দেওয়া হয়নি। গতকাল পার্লামেন্ট অধিবেশন মুলতবি করেন স্পিকার চাই চিদচব। সরকারি দলের হুইপ কিয়াপারাদি বলেন, বিক্ষোভের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কায় পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভার অবস্থানও স্পষ্ট করছে না সরকার।বিশ্লেষকেরা মনে করছেন, সরকার আসলে সময়ক্ষেপণের কৌশল নিয়েছে। তারা আশা করছে, একসময় বিক্ষোভকারীরা চলে যাবে। তবে বিক্ষোভকারী নেতারা বলছেন, পদত্যাগের জন্য সরকারের ওপর চাপ বজায় রাখতে তাঁরা বদ্ধপরিকর। এটা তাঁদের জন্য ইচ্ছা ও নৈতিক দৃঢ়তার পরীক্ষা।২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দেশটির সর্বোচ্চ আদালত সম্প্রতি থাকসিনের ১৪০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করে। গত শুক্রবার থেকে রাজধানীর ব্যাংককে থাকসিনের হাজার হাজার সমর্থক বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সরকারও সহিংসতার আশঙ্কায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। বিক্ষোভ মোকাবিলায় ব্যাংককে ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এএফপি, বিবিসি।