থাইল্যান্ডে সহিংসতার আশঙ্কার মধ্যেই ভোট শুরু

থাইল্যান্ডে ব্যাপক সহিংসতার আশঙ্কার মধ্য দিয়ে আজ রোববার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রধান বিরোধী ডেমোক্রেটিক পার্টি এই নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বানচালের চূড়ান্ত চেষ্টা চালাচ্ছে বিক্ষোভকারীরা।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়। সকালেই নিজের ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
ভোট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক লাখ ৩০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানী ব্যাংককে ১২ হাজার সদস্য রয়েছে।
বিতর্কিত এই নির্বাচন সামনে রেখে গতকাল শনিবার ব্যাংককে সরকারবিরোধী ও সরকারপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে বেশ কয়েকজন আহত হয়।
নির্বাচন ভণ্ডুল করতে বিরোধীরা গতকাল থেকে ‘চূড়ান্ত’ বিক্ষোভ শুরু করেছে। নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীদের বাধার মুখে রাজধানী ব্যাংককের বেশ কয়েকটি এলাকা ছাড়াও কয়েকটি প্রদেশে ব্যালট পেপার পাঠানো সম্ভব হয়নি।