থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ আজ
থাইল্যান্ডে আজ রোববার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো গতকাল শনিবার শেষবারের মতো প্রচারণা চালিয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে কয়েক বছর ধরে চলা ব্যাপক বিশৃঙ্খলার পর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে দেখা দেওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে এক লাখ ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। জনমত জরিপ অনুযায়ী, নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল পুয়ে থাই পার্ির্ট জয় পেতে যাচ্ছে। জরিপে পুয়ে থাইয়ের পরই রয়েছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার নেতৃত্বাধীন দল ডেমোক্র্যাট পার্টি।প্রতিদ্বন্দ্বী দল দুটি গতকাল রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে শেষবারের মতো নির্বাচনী প্রচারণা চালায়। এ সময় উভয় দলই সমর্থকদের নিয়ে বিশাল ট্রাক বহর বের করে। গত বছর একই স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিরোধীদলীয় বিক্ষোভকারীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে বহু লোক হতাহত হয়।ভোট দিতে গতকাল অনেক থাই নাগরিক নিজ নিজ এলাকায় ফিরে আসে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যায়। বেঁধে দেওয়া সময় থেকে খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারসহ এ ধরনের অন্যান্য ওয়েবসাইটেও নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়। কেউ এই আইন অমান্য করলে তাঁর জেল-জরিমানা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এএফপি।