থাইল্যান্ডে ৩৫ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ৩৫ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে এতে তাঁর দল পুয়ে থাই পার্টির নেতারাই বেশি স্থান পেয়েছেন। তবে গুরুত্বপূর্ণ অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে নিরপেক্ষ একজনকে।গত বছর সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া লাল শার্ট আন্দোলনকারী কোনো নেতাকে মন্ত্রী মনোনীত করা হয়নি। যদিও লাল শার্ট আন্দোলনকারীদের বেশ কয়েকজন নেতা নির্বাচনে জয়লাভ করেন।প্রধানমন্ত্রী ইংলাক ছয়দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন। জোটভুক্ত দলগুলোর কয়েকজন নেতাও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ মন্ত্রিসভা অনুমোদন করার পর তা ঘোষণা করা হয়।অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন থিরাচাই ফুভানাতনারানুবালা। তিনি থাইল্যান্ডের ফিন্যান্সিয়াল ওয়াচডগের প্রধান ছিলেন। এ কারণে ব্যবসায়ী মহলে তাঁর ভালো পরিচিতি রয়েছে। এ পদের জন্য তাঁকে যথেষ্ট যোগ্য বলে মনে করেন বিশ্লেষকেরা।প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক জেনারেল উথাসাক সাসিপ্রাফাকে। তাঁর প্রধান কাজ হবে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে নতুন সরকারের সেতুবন্ধ তৈরি করা। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রা।দায়িত্ব নেওয়ার পর গতকাল বুধবার নতুন প্রতিরক্ষামন্ত্রী উথাসাক সাসিপ্রাফা বলেন, বর্তমান সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। অবশ্যই সেনাবাহিনী ও পুয়ে থাই পার্টির মধ্যে সম্পর্কের উন্নতি হবে।গত বছর সরকারের বিরুদ্ধে লাল শার্ট আন্দোলনকারীদের দমন-পীড়নে মুখ্য ভূমিকা পালন করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল প্রেয়ুট চান-ও-চা। ওই দমন-পীড়নে অন্তত ৯০ জন নিহত হয়। নতুন প্রতিরক্ষামন্ত্রী উথাসাক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিনের মন্ত্রিসভায় উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী পদ নিয়েই কিছুটা চমক সৃষ্টি হয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সুরাপং তোউজাকচাইকুল। বৈবাহিক সূত্রে সিনাওয়াত্রা পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। কূটনীতির ক্ষেত্রে অনেকটা আনকোরা তিনি।গত সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন প্রধানমন্ত্রী ইংলাক। প্রথম দিনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন তিনি। ৪৪ বছর বয়সী ইংলাক থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনি।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন বর্তমানে স্বেচ্ছানির্বাসনে আছেন। দুর্নীতির দায়ে থাইল্যান্ডের আদালত তাঁর বিরুদ্ধে কারাদণ্ডাদেশ দিয়েছেন। থাকসিনের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলে। তবে দুর্নীতির অভিযোগ নাকচ করে আসছেন থাকসিন। এএফপি, বিবিসি।