থাইল্যান্ডে বিক্ষোভ-অস্থিরতা সামাল দিতে দেশটির সরকার রাজধানী ব্যাংককসহ আশপাশের প্রদেশগুলোতে আজ বুধবার থেকে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছে।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগে বাধ্য করতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী অচলের কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এ আন্দোলনের মধ্যে গত সপ্তাহের শেষ দিকে সহিংসতার পর সরকার এ পদক্ষেপ নিল। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এ জরুরি অবস্থা জারি করা হয়।
এদিকে থাইল্যান্ডে স্বাস্থ্যকর্মীদের পর এবার কৃষকেরা সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার হুমকি দিয়েছেন। প্রান্তিক কৃষকেরা বলছেন, তাঁদের কাছ থেকে কেনা ধানের মূল্য পরিশোধ করা না হলে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার উত্খাতের লক্ষ্যে চলমান বিক্ষোভে তাঁরা অংশ নেবেন।
কৃষকদের এই হুমকিকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার জন্য অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে। কারণ, প্রত্যন্ত অঞ্চলের এই ভোটাররাই ইংলাকের বড় শক্তি।
থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় মাসে পড়েছে। কয়েক দিন ধরে চলছে রাজধানী ‘ব্যাংকক অচল’ কর্মসূচি। সরকারবিরোধীরা রাজধানীর বেশ কয়েকটি এলাকা অবরুদ্ধ করে রেখেছে। গত সোমবার স্বাস্থ্যকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় অনেক জায়গায় তাঁদের রাস্তায় নেমে আসতে দেখা যায়।
সরকারের একটি কর্মসূচির আওতায় কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা হয়। কিন্তু অনেক কৃষক অভিযোগ করেন, তিন থেকে চার মাস ধরে মূল্য পরিশোধ করেনি সরকার।
মধ্য সুফান বুরি প্রদেশের কৃষকনেতা প্রোম বুনমাছই বলেন, গতকালই তাঁদের একদল প্রতিনিধি আইনজীবীদের সঙ্গে সাক্ষাত্ করার কথা ছিল। থাই আইনজীবীদের কাউন্সিল তাঁদের উপদেষ্টা। ওই কাউন্সিলই কৃষকদের পক্ষে সরকারের বিরুদ্ধে মামলা করবে। এই কৃষকনেতা আরও বলেন, সরকার যদি ধানের মূল্য দিতে ব্যর্থ হয়, তাহলে ধান কৃষকদের কাছে ফিরিয়ে দিক। তা না হলে হাজারো কৃষক চলমান আন্দোলনে যোগ দেবেন। সরকারের পতন ঘটাবেন। রয়টার্স।