থাইল্যান্ডের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ খারিজ
থাইল্যান্ডের ক্ষমতাসীন দল সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের সাংবিধানিক রাজতন্ত্রকে হুমকিতে ফেলছে—বিরোধী দলের এ অভিযোগ গতকাল শুক্রবার খারিজ করে দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। এতে করে ক্ষমতাসীন দলটি বিলুপ্ত হওয়া এবং দেশের রাজনীতিতে সৃষ্ট তিক্ত বিভাজন নতুন করে জেগে ওঠার যে আশঙ্কা সৃষ্টি হয়েছিল, তা কেটে গেছে।থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দল পুয়ে থাই সম্প্রতি দেশের সংবিধানে সংশোধনী আনার পরিকল্পনা প্রকাশ করে। কেননা, বিদ্যমান সংবিধান প্রণয়ন করে সাবেক সামরিক জান্তা সরকার। ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করেছিল ওই জান্তা সরকার। সংবিধান সংশোধনের ওই উদ্যোগের বিরুদ্ধে দেশের সাংবিধানিক আদালতে অভিযোগ দায়ের করে বিরোধী দল ডেমোক্রেটস। তাদের অভিযোগ, পুয়ে থাই দলের সংবিধান সংশোধনের পদক্ষেপ দেশের রাজতন্ত্রকে হুমকিতে ফেলে দেবে।থাইল্যান্ড গণতান্ত্রিক দেশ হলেও সেখানে সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে। দেশটির বর্তমান রাজা ভূমিবল আদুলাদেজ দেশের আপামর মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন। তাই আদালতের রায় অন্য রকম হলে দেশটির ক্ষমতাসীন দল বিলুপ্তির সম্মুখীন হতে পারত। আদালত অভিযোগটি খারিজ করে দেওয়ায় বড় রাজনৈতিক সংকট থেকে রক্ষা পেল থাইল্যান্ড। গত পাঁচ বছরে সাংবিধানিক আদালত দুবার ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ করেছে বলে পুয়ে থাইর সমর্থকেরা এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, বিরোধী দলের অভিযোগের কোনো ভিত্তি নেই। রাজধানী ব্যাংককের ওই আদালতের আট বিচারকের মধ্যে একজন নুরাক মারপ্রানেত বলেন, ‘আদালত এ অভিযোগের পর্যাপ্ত সত্যতা পাননি যে, মামলার বিবাদীরা দেশের সাংবিধানিক রাজতন্ত্র উচ্ছেদের চেষ্টা করছেন।’আদালতের রায় ঘোষণার সময় চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়।আদালতের এই রায়ের পর প্রধানমন্ত্রী ইংলাকের দল সংবিধান সংশোধনের পদক্ষেপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। দলের মুখপাত্র পর্মপং নোপ্পারিত বলেন, ‘পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পুয়ে থাই দল আগামী সপ্তাহে বৈঠক আহ্বান করবে। তবে সংবিধান সংশোধন করতে হবে—এ বিষয়ে আমরা সংকল্পবদ্ধ। কারণ, একটি নতুন সংবিধান পাবে এই আশাতেই সমর্থকেরা আমাদের ভোট দিয়েছিল।’সাম্প্রতিক অতীতে থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতায় আদালতের রায় বিরাট এক ভূমিকা রেখেছে। ২০০৮ সালে থাকসিনপন্থী দুই প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেন আদালত। তাঁদের বিদায় তখন পার্লামেন্ট নির্বাচনে সামরিক বাহিনী ও ব্যাংককের ধনী সম্প্রদায়ের সমর্থনপুষ্ট ডেমোক্রেটস দলের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করে। তবে ২০১০ সালে নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন থাকসিনের বোন ইংলাক। এএফপি।