থাইল্যান্ডের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের কর্তৃপক্ষ গতকাল শনিবার দেশটির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টার মোতায়েনের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে। থাইল্যান্ডে কয়েক সপ্তাহ ধরে মানুষ বন্যার কারণে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে।মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে, ইউএসএস মুস্টিন যুদ্ধজাহাজে থাকা দুটি সিহক হেলিকপ্টার বন্যা পরিস্থিতি সরেজমিন দেখার প্রাথমিক কাজ করতে পারে। বর্তমানে এই যুদ্ধজাহাজটি ব্যাংককের দক্ষিণে লায়েম চাবাং বন্দরে অবস্থান করছে।এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বলেছেন, রাজধানী ব্যাংককের বন্যাকবলিত কয়েকটি জায়গা থেকে শিগগিরই পানি কমা শুরু হতে পারে। গতকাল ব্যাংককের ফুঁসে ওঠা প্রধান নদীর আশপাশের বাঁধগুলো বন্যার পানি প্রতিরোধ করতে সক্ষম হওয়ায় তিনি এ কথা বলেন।প্রবল মৌসুমি জোয়ারের পাশাপাশি দেশটির মধ্যাঞ্চল থেকে আসা বন্যার পানির প্রবাহে ব্যাংকক আরও তলিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় শহরটিতে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়। এক কোটি ২০ লাখ মানুষের শহর ব্যাংককে কয়েক সপ্তাহ ধরে মানুষ বন্যায় মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে।থাই প্রধানমন্ত্রী বলেন, কর্তৃপক্ষ ব্যাংককের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় খালগুলোর মধ্য দিয়ে দ্রুত পানি অপসারণ করছে। এর আগে তিনি হুঁশিয়ারি দেন, সেখানে বন্যা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।গতকাল একটি সাপ্তাহিক রেডিও ও টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বলেন, ‘সবাই কঠোর পরিশ্রম করলে নভেম্বরের প্রথম সপ্তাহেই ব্যাংককে বন্যার পানি কমা শুরু হতে পারে।’পরে সাংবাদিকদের ইংলাক সিনাওয়াত্রা বলেন, তাঁর ধারণা, সবাই কঠোর পরিশ্রম করলে ‘দু-এক দিনের মধ্যেই’ বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি আরও বলেন, ‘উঁচু জোয়ারের সময় থাই জনগণকে অবশ্যই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। দয়া করে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আমার ধারণা, পানির উচ্চতা শিগগিরই কমতে শুরু করবে; কারণ পানির প্রবাহ কমছে এবং কিছু অংশের পানি খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। এএফপি ও বিবিসি।