থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সুরায়ুদ চুলানন্তের বাড়ির সামনে গতকাল সোমবার বিক্ষোভ করেছে আরেক সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কয়েক হাজার সমর্থক। বিক্ষোভকারীদের অভিযোগ, চুলানন্ত ব্যাংকক থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে জাতীয় উদ্যান খাও ইয়াই তিয়েং বনে অবৈধভাবে বাড়ি তৈরি করেছেন। খবর এএফপির।দুর্নীতির অভিযোগে দেশটির উপজনস্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কারণে প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভার জোট সরকার যখন নতুন করে চাপের মুখে, ঠিক তখনই গতকাল থাকসিনের কথিত ‘রেড শার্ট’ সমর্থকেরা ওই বিক্ষোভ করে। রেড শার্টের পক্ষ থেকে বছরের প্রথম বিক্ষোভ ছিল এটি। গতকালের বিক্ষোভের আরেকটি উদ্দেশ্য ছিল সরকারবিরোধী আন্দোলন নতুন করে জোরদার করা।পুলিশ জানিয়েছে, প্রায় ছয় হাজার বিক্ষোভকারী চুলানন্তের বাড়ির প্রবেশপথের সামনে বিক্ষোভ করে। সন্ধ্যা পর্যন্ত সেখানে তাদের অবস্থান করে।রেড শার্টের নেতা জাতুপর্ন প্রমপান সাংবাদিকদের বলেন, সুরায়ুদ অবৈধভাবে ঘর তুলেছেন। বনের ভেতরে তাঁকে ঘর তোলার অনুমতি দিয়ে বন বিভাগ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রেড শার্টের আরেক নেতা সুপর্ন আত্তাঅং বলেন, অনুমতি ছাড়া বনের ভেতরে কেউ প্রবেশ করলে তাঁর বিরুদ্ধে স্বাভাবিক আইনি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সুরায়ুদ থাইল্যান্ডের ক্ষমতাশীনদের একজন হওয়ায় সরকার তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গতকালের বিক্ষোভের সময় প্রায় দেড় হাজার পুলিশ কর্মকর্তা বাড়িটির নিরাপত্তায় নিয়োজিত ছিল। ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাকসিনকে ক্ষমতাচ্যুত করার পর ২০০৮ সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ছিলেন জেনারেল সুরায়ুদ।