থাকসিনকে দেশে ফেরাতে বিতর্কিত বিল পাস!

থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষে গতকাল শুক্রবার রাজনৈতিক সাধারণ ক্ষমা-সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাস হয়েছে। বিরোধীদের আশঙ্কা, স্বেচ্ছায় নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দেশে ফেরার সুযোগ দিতেই এই বিল পাস করা হয়েছে। এই বিল পাসের বিরুদ্ধে গতকাল রাস্তায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ।
অবশ্য নিম্নকক্ষে পাস হওয়া বিলটি চূড়ান্ত করতে পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন লাগবে। সমালোচকেরা বলছেন, নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যাসহ অতীতে যেসব দমন-নিপীড়ন চালানো হয়েছে, সেগুলো ‘ধুয়ে-মুছে’ ফেলতে এই বিল পাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যবেক্ষকেরা মনে করেন, এই বিল নতুন করে সহিংসতাকে উসকে দিতে পারে। কেননা, স্বেচ্ছায় নির্বাসিত থাকসিনের অপরাধ ঢাকতে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই বিল পাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে।
থাইল্যান্ডের ক্ষমতাসীন দল পুইয়ে থাই পার্টির বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ভাই থাকসিন ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেতে ২০০৮ সাল থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন।
পুইয়ে থাই পার্টি সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার আগে ১৯ ঘণ্টা এ নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়। বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি ভোটাভুটিতে অংশ নিতে অস্বীকৃতি জানায়। পরে গতকাল সকালে আইনপ্রণেতারা ৩১০-০ ভোটে খসড়া বিলটি পাস করেন। চারজন ভোটাভুটি বর্জন করেন।
এই বিল পাস হলে ২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত সংঘটিত সব রাজনৈতিক সহিংসতার দায় থেকে রাজনীতিকেরা অব্যাহতি পাবেন। এর অর্থ হচ্ছে, ডেমোক্র্যাট পার্টির সাবেক প্রধানমন্ত্রী অপিসিত ভেজ্জাজিভাও দায়মুক্তি পাবেন। ২০১০ সালে এই ভেজ্জাজিভা প্রতিপক্ষ থাকসিনের সমর্থক বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অনুমতি দেন। দুই মাসের সেই সরকারবিরোধী আন্দোলনের সময় ৯০ জনের বেশি নিহত হয়, যার বেশির ভাগই ছিল থাকসিনের সমর্থক।
অবশ্য ডেমোক্র্যাট পার্টি জানায়, তাদের নেতা এই বিলের মাধ্যমে উপকৃত হোন বা না হোন, সেটি তারা বিবেচনায় আনবে না। বিলটি ঠেকাতে তারা আন্দোলনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি নেবে।
সিনেটের সভাপতি নিকম ওয়াইরাতপানজি জানান, বিলটি নির্দলীয় সিনেটে ১১ নভেম্বর তোলা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে নিম্নকক্ষে বিলটি পাসের প্রতিবাদে গতকাল সকালে ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। গতকাল বিকেলের দিকে পাঁচ হাজারের মতো বিক্ষোভকারী ব্যাংককের তিনটি স্থানে জড়ো হয়। এর আগে বৃহস্পতিবারও হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা হাতে ‘দুর্নীতিবাজ লোকজনের জন্য সাধারণ ক্ষমা বন্ধ করো’ স্লোগান লেখা ফেস্টুন বহন করে। এএফপি ও রয়টার্স।