থাকসিনপন্থী প্রতিষ্ঠানের পণ্য বর্জনের ঘোষণা
থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা নেতার নির্দেশনা অনুসরণ করে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পরিবারের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর পণ্য বর্জন করা শুরু করেছে। গতকাল শনিবার তারা ইংলাক পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের মুঠোফোন সিমকার্ড ফেরত দিয়েছে।
ইংলাককে উৎখাত এবং থাই রাজনীতিকে তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী ধনাঢ্য ব্যবসায়ী থাকসিন সিনাওয়াত্রার প্রভাব মুক্ত করার দাবিতে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। ২০০৬ সালে এক অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হলে নির্বাসনে চলে যান। বিদেশে থাকলেও পেছনে থেকে তিনিই থাই সরকার চালান বলে অনেকের ধারণা।
সিনাওয়াত্রা পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে বা অতীতে ছিল, এমন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে চলতি সপ্তাহে লক্ষ্যবস্তু করে বিক্ষোভকারীরা। এতে শেয়ারবাজারে সেসব প্রতিষ্ঠানের ব্যাপক দরপতন ঘটে। আর অ্যাডভান্সড ইনফো সার্ভিস (এআইএস) নামের একটি কোম্পানির সিমকার্ড বর্জনের আহ্বান জানান বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাগসুবান। তাঁর ওই আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীদের অনেকেই গতকাল ওই কোম্পানির সিমকার্ড ফেরত দিয়েছে।
এমন প্রেক্ষাপটে ওই কোম্পানি গ্রাহকদের একটি বার্তা পাঠিয়েছে, যাতে লেখা রয়েছে, ‘বর্তমানে কোম্পানির সঙ্গে সিনাওয়াত্রা পরিবারের কোনো সম্পর্ক নেই। ২০০৬ সালের ২৩ জানুয়ারির মধ্যে থাকসিন ও তাঁর পরিবার কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিয়েছে। ওই সময়ের পর থেকে তারা আর কোম্পানির সঙ্গে সম্পৃক্ত নয়।’
নিজের সিমকার্ডটি ফেরত দিতে মধ্য ব্যাংককে লাইনে দাঁড়িয়ে যান অনজিত অংসামপান (৬৫)। তিনি বলেন, ‘আমি মনে করি নেটওয়ার্ক দুর্বল। এ ছাড়া কোম্পানি খুব বেশি সম্পদশালী হওয়ায় আমি এটা পরিবর্তন করছি।’
কোম্পানির পাঠানো খুদেবার্তা দেখানো হলে অনজিত অংসামপান বলেন, ‘আমি তাদের আর বিশ্বাস করি না। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি।’
দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলার কারণে এমনিতেই থাইল্যান্ডের অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে। ধস নেমেছে পর্যটনশিল্পে। এমন প্রেক্ষাপটে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইংলাকের সমর্থকেরা।
ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেইনেস্ট ডিক্টেটরশিপ (ইউডিডি) নামের সংগঠনের প্রধান বলেন, ‘সরকারের সঙ্গে সম্পর্ক থাকা কোম্পানিগুলোকে হুমকি দেওয়ার বিষয়টি আমরা এই মুহূর্তে পছন্দ করছি না। তারা সরকারের দিক থেকে সরে এসে ব্যবসা-বাণিজ্যকে লক্ষবস্তু করছে।’
ইউডিডি হচ্ছে আলোচিত ‘রেড শার্ট’ আন্দোলনকর্মীদেরই একটি প্রতিবাদ আন্দোলন। রয়টার্স।