থাকসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রাধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০০৬ সালে থাকসিন ক্ষমতাচুত্য হন। দুর্নীতির অভিযোগে কারাদণ্ড এড়াতে এর পর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন ক্রুঙ্গ থাই ব্যাংকের ঋণসংক্রান্ত একটি মামলায় ২৭ জন আসামির একজন থাকসিন।গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নয়জন বিচারকের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী ব্যাংককের আদালতে হাজির না হওয়ার অর্থ তিনি অভিযোগ এড়াতে চাইছেন। তিনি আরও বলেন, আদালত ওই ঋণসংক্রান্ত মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তির (থাকসিন) বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন। আইনজীবীরা তাঁকে আদালতে হাজির না করা পর্যন্ত বিচারকাজ স্থগিত থাকবে।থাকসিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দেশের ব্যাংক আইন লঙ্ঘনসহ পাঁচটি অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। সরকারি আইনজীবীরা এসব দুর্নীতির দায়ে থাকসিনের কাছ থেকে ৩৪ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করছেন। এএফপি।