থানায় আল-শাবাবের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার একটি থানায় গতকাল মঙ্গলবার আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। আত্মঘাতী হামলার পরপরই শাবাবের যোদ্ধারা থানাটির ভেতরে ঢুকে পড়ে এলোপাতাড়ি গুলি চালায়।
মধ্য সোমালিয়ায় অবস্থিত বেলেদিয়ানে শহরের ওই থানায় হামলার বিষয়টি আল-শাবাব ও পুলিশ উভয়েই নিশ্চিত করেছে। তবে হামলায় অনেকেই নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
পুলিশের ওই থানাটি আফ্রিকান ইউনিয়ন ও ইথিওপিয়ার সেনারাও ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকেন বলে জানিয়েছে শাবাব। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার মতাদর্শের অনুসারী সংগঠনটির স্থানীয় কমান্ডার শেখ মোহাম্মদ আবু সুলেইমান বলেন, ‘আমাদের বিশেষ কয়েকজন মুজাহিদ কমান্ডো বেলেদিয়ানের ওই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা অনেক শত্রুকে হত্যা করেছে।’
শাবাবের মুখপাত্র আবদুল আজিজ আবু মুসাব জানান, প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী গাড়িতে করে ওই থানার ফটকে গিয়ে নিজেকে বোমায় উড়িয়ে দেয়। এরপর বন্দুকধারীরা ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা সোমালিদের পাশাপাশি কিছু জিবুতীয়কেও হত্যা করেছে বলেও জানান মুসাব। তিনি এ হামলাকে ‘বিজয়’ হিসেবে আখ্যায়িত করেন।
হাসান নুর নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, বোমাবাহী গাড়িটি থানার ফটকে ধাক্কা দেওয়ার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর বন্দুকধারীরা ভেতরে ঢুকে পড়ে। তখন সেখানে প্রচুর গুলির আওয়াজ পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘আমি এটা বলতে পারব না যে, ঠিক কতজন মারা গেছে। তবে যেখানে গাড়িটি বিস্ফোরিত হয়, তার আশপাশে আমি বেশ কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।’
বেলেদিয়ানে শহরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল আবদুল কাদির আলী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
সাম্প্রতিক মাসগুলোতে বেলেদিয়ানে শহরটি বেশ কয়েকবার বোমা হামলা ও বন্দুকধারীদের হামলার শিকার হয়েছে। এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে আল-শাবাব। এএফপি।